খেলা
মারা গেলেন সাবেক কিংবদন্তি অজি অধিনায়ক বব সিম্পসন
ক্রিকেট বিশ্বে নেমে এসেছে শোকের ছায়া। অস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তি অধিনায়ক বব সিম্পসন আর নেই। শনিবার (১৬ আগস্ট) সিডনিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।
অস্ট্রেলিয়ান ক্রিকেটের স্বর্ণালী অধ্যায়ের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন সিম্পসন। ১৯৫৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে অভিষেকের পর জাতীয় দলের হয়ে ৬২টি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি। ব্যাট হাতে করেছেন ৪ হাজার ৮৬৯ রান, যার মধ্যে রয়েছে ১০টি সেঞ্চুরি ও ২৭টি হাফ-সেঞ্চুরি।
ক্যারিয়ারের শুরুর দিকে অলরাউন্ডার হিসেবে দলে জায়গা করলেও ষাটের দশকে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন নির্ভরযোগ্য ওপেনিং ব্যাটসম্যান হিসেবে। ১৯৬৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যানচেস্টার টেস্টে তার খেলা ৩১১ রানের দুর্দান্ত ইনিংস আজও ক্রিকেটপ্রেমীদের মনে অমলিন। সেই মৌসুমে তিনি ১,৩৮১ রান করে গড়েছিলেন এক যুগান্তকারী রেকর্ড।
শুধু ব্যাট হাতে নয়, বল হাতেও রেখেছেন দারুণ অবদান। ডানহাতি লেগস্পিনার হিসেবে টেস্ট ক্যারিয়ারে শিকার করেছেন ৭১টি উইকেট। পাশাপাশি স্লিপ ফিল্ডার হিসেবে তার নিখুঁত দক্ষতা তাকে পরিণত করেছিল এক পূর্ণাঙ্গ ক্রিকেটারে।
বব সিম্পসনের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সংগঠনের চেয়ারম্যান মাইক বেয়ার্ড বলেন, “বব সিম্পসন ছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটের এক মহান ব্যক্তিত্ব। যারা তার খেলা প্রত্যক্ষ করেছেন অথবা তার জ্ঞান থেকে উপকৃত হয়েছেন, তাদের কাছে আজকের দিনটি অত্যন্ত বেদনাদায়ক।”