খেলা

ভারতকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৫ পিএম

ভারতকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ নারী ফুটবল দল। দারুণ নৈপুণ্য ও আত্মবিশ্বাসী পারফরম্যান্সে মাঠে আধিপত্য দেখিয়ে কাঙ্ক্ষিত জয় নিশ্চিত করে লাল-সবুজের মেয়েরা।

সোমবার (২ ফেব্রুয়ারি) নেপালের পোখারায় অনুষ্ঠিত সেমিফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশ ও ভারত। ক্রিকেটে যখন বাংলাদেশ-ভারত লড়াই চলছিল, ঠিক তখনই ফুটবলের মাঠে ভারতকে হারিয়ে দেশের জন্য আনন্দের খবর এনে দেন নারী ফুটবলাররা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। ভারতকে চাপে রেখে প্রথমার্ধেই দুই গোল আদায় করে নেয় দলটি। ম্যাচের ৩০ মিনিটে অর্পিতা বিশ্বাস প্রথম গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন। ওই গোলের পর ম্যাচে নিজেদের আধিপত্য আরও স্পষ্ট করে তোলে বাংলাদেশ।

প্রথম গোলের রেশ কাটতে না কাটতেই ৪০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আলপি আক্তার। ফলে বিরতিতে যাওয়ার আগেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আরও গোলের চেষ্টা চালালেও সুযোগ কাজে লাগাতে পারেনি লাল-সবুজের মেয়েরা। তবে রক্ষণে দৃঢ়তা দেখিয়ে ভারতের সব আক্রমণ প্রতিহত করে জয় ধরে রাখে দলটি।

শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে বাংলাদেশ। এখন শিরোপা জয়ের লক্ষ্যে ফাইনালে আরও একটি দুর্দান্ত পারফরম্যান্সের অপেক্ষায় লাল-সবুজের নারী দল।