খেলা

মার্চের প্রীতি ম্যাচে নেইমারকে ভাবছেন না কোচ আনচেলত্তি


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৫ পিএম

মার্চের প্রীতি ম্যাচে নেইমারকে ভাবছেন না কোচ আনচেলত্তি
নেইমার ও কোচ কার্লো আনচেলত্তি। ছবি: সংগৃহীত

ব্রাজিল জাতীয় দলে নেইমারের প্রত্যাবর্তন নিয়ে সমর্থকদের মধ্যে যখন ব্যাপক আলোচনা চলছে, তখন মার্চের আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে সামনে রেখে ভিন্ন বার্তা দিলেন কোচ কার্লো আনচেলত্তি। আপাতত ব্রাজিল স্কোয়াডে নেই এই তারকার নাম।

স্থানীয় গণমাধ্যম ও ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়েছে, ক্যাম্পিওনাতো পউলিস্তা থেকে সান্তোসের বিদায়ের পর নেইমারকে ঘিরে জল্পনা বাড়লেও জাতীয় দলের পরিকল্পনায় পরিবর্তন আসেনি। মার্চ উইন্ডোর জন্য শুরু থেকেই তাকে বিবেচনায় রাখা হয়নি।

আগামী মার্চে ব্রাজিল যুক্তরাষ্ট্র সফরে দুটি প্রীতি ম্যাচ খেলবে। প্রতিপক্ষ ফ্রান্স ও ক্রোয়েশিয়া। বোস্টন ও অরল্যান্ডোতে অনুষ্ঠিতব্য ম্যাচ দুটিকে ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে দেখছেন আনচেলত্তি। তবে দীর্ঘ চোট কাটিয়ে সদ্য মাঠে ফেরা নেইমারকে ঝুঁকি নিয়ে ফেরানোর পক্ষপাতী নন তিনি। ফেব্রুয়ারিতে ধীরে ধীরে ক্লাব ফুটবলে ফিরলেও আগে পুরোপুরি ম্যাচ ফিট হওয়াকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) নেইমারের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখলেও কোচের অবস্থান পরিষ্কার—খ্যাতি নয়, গুরুত্ব পাবে ফিটনেস। মে মাসে চূড়ান্ত মূল্যায়নের পরই ২০২৬ বিশ্বকাপ পরিকল্পনায় তাকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

নেইমার এর আগে ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে খেলেছেন। ২০২৬ আসরে জায়গা পেলে সেটি হবে তার চতুর্থ বিশ্বকাপ। তবে সবকিছু নির্ভর করছে তার পারফরম্যান্স ও শারীরিক প্রস্তুতির ওপর। প্রত্যাশিত মানে পৌঁছাতে না পারলে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার জাতীয় দলে ভবিষ্যৎ অনিশ্চিতই থেকে যাবে।