খেলা

প্রীতি ম্যাচে মেসির গোলে মায়ামির জয়


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৪ এএম

প্রীতি ম্যাচে মেসির গোলে মায়ামির জয়
ছবিঃ সংগৃহীত

প্রীতি ম্যাচে লিওনেল মেসির গোলে জয় পেয়েছে ইন্টার মায়ামি। পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিত ম্যাচে ইন্দেপেন্দিয়েন্তে দেল ভাল্লেকে ২-১ গোলে হারিয়েছে এমএলএস চ্যাম্পিয়নরা। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) প্রতিশ্রুতি অনুযায়ী ম্যাচটি আয়োজন করা হয়।

এর আগে গত ১৩ ফেব্রুয়ারি ম্যাচটি হওয়ার কথা থাকলেও হ্যামস্ট্রিং ইনজুরির কারণে মেসি খেলতে না পারায় সেটি স্থগিত করা হয়। 

ম্যাচে মায়ামির হয়ে গোল করেন সান্তিয়াগো মোরালেস ও লিওনেল মেসি। বিরতির পর মাঠে নামা আর্জেন্টাইন তারকা পেনাল্টি থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন। মেসি বল ছোঁয়ার প্রতিবারই গ্যালারিতে ওঠে দর্শকদের উচ্ছ্বাস।

এ ম্যাচ দিয়েই শেষ হলো মায়ামির প্রাক-মৌসুম সফর। যদিও এরই মধ্যে এমএলএসের নতুন মৌসুম শুরু করে ফেলেছে দলটি। প্রথম ম্যাচে এলএএফসির কাছে ৩-০ গোলে হেরে শিরোপা রক্ষার অভিযান শুরু হয় তাদের।

ঘন সূচি সামনে থাকলেও হেড কোচ হাভিয়ের মাসচেরানো ইন্দেপেন্দিয়েন্তের বিপক্ষে শক্তিশালী দল নামান, যাতে কম সময় পাওয়া খেলোয়াড়রা ম্যাচ অনুশীলনের সুযোগ পান। লুইস সুয়ারেজসহ কয়েকজন নিয়মিত খেলোয়াড় এ ম্যাচে মাঠে নামেন।

ম্যাচ যখন প্রায় শেষের দিকে, তখন কিছু ভক্ত মাঠে ঢুকে পড়েন। দুজন তো সফল। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ীর সঙ্গে তারা ম্যাচ শেষ হওয়ার আগে সেলফি তুলেছেন।