খেলা

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় জেদ্দা বিমানবন্দরে আটকা পড়েছেন মুশফিক


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৪ পিএম

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় জেদ্দা বিমানবন্দরে আটকা পড়েছেন মুশফিক
মুশফিকুর রহিম। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার প্রভাবে আকাশপথে ব্যাপক বিঘ্ন সৃষ্টি হয়েছে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা এবং পরবর্তী পাল্টা আঘাতের ঘটনায় উপসাগরীয় কয়েকটি দেশ আকাশসীমা বন্ধ ঘোষণা করায় বিভিন্ন এয়ারলাইন্স ফ্লাইট স্থগিত করেছে। এতে সৌদি আরবের জেদ্দায় আটকা পড়েছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম।

কয়েক দিন আগে ওমরাহ পালন করতে মক্কায় যান তিনি। সব আনুষ্ঠানিকতা শেষে শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুবাই হয়ে দেশে ফেরার কথা ছিল তার। এমিরেটস এয়ারলাইন্সের ইকে-০৮০৬ ফ্লাইটে জেদ্দা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেও আকাশপথে নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে বিমানটি আবার জেদ্দায় ফিরে আসে।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মুশফিক জানান, যুদ্ধ পরিস্থিতির কারণে ফ্লাইটটি ফিরে আসতে বাধ্য হয়েছে। তিনি লেখেন, বর্তমানে জেদ্দা বিমানবন্দরে হাজারো যাত্রীর সঙ্গে তিনিও অপেক্ষায় আছেন এবং কবে নাগাদ দেশে ফিরতে পারবেন, তা অনিশ্চিত।

উপসাগরীয় পাঁচ দেশ—বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার ও সৌদি আরব—নিরাপত্তাজনিত কারণে তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। এর ফলে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী বাণিজ্যিক ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, মধ্যপ্রাচ্যের সব গন্তব্যে ফ্লাইট বন্ধ রাখা হয়েছে। সংস্থাটির জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম গণমাধ্যমকে বলেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

শনিবার সকালে তেহরানসহ ইরানের পাঁচটি শহরে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পরবর্তীতে ইরান ইসরায়েল এবং আশপাশের দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। এ অবস্থায় পুরো অঞ্চলে চরম অনিশ্চয়তা বিরাজ করছে।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা নিয়ে অনিশ্চয়তা অব্যাহত থাকতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।