খেলা
নতুন সংবাদমাধ্যম ‘বিয়ন্ড বাংলা’ নিয়ে আসছেন অলরাউন্ডার সাকিব
অলরাউন্ডার সাকিব আল হসান এবার নিজেই সংবাদ মাধ্যম প্রকাশনার সাথে যুক্ত হচ্ছেন। 'বিয়ন্ড বাংলা' (Beyond Bangla) নামে ডিজিটাল প্ল্যাটফর্মটি দ্রুতই আসছে মিডিয়া অঙ্গনে। আর তাতেই যোগ হচ্ছে সাকিবের নামের পাশে নতুন পরিচয়।
এই প্ল্যাটফর্মের সম্পাদক হিসেবে থাকছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকবি ও সাংবাদিক জুলফিকার রাসেল। সংগীতের সাথে যতটা তার সম্পর্ক ততটাই আবার সংবাদ মাধ্যমের সাথে।
সাংবাদিক হিসেবে লম্বা সময় কাজ করার অভিজ্ঞতা আছে জুলফিকারের। এর আগে কাজ করেছেন 'বাংলা ট্রিবিউনের' সম্পাদক হিসেবে।
সংবাদ মাধ্যমের প্রকাশক হওয়ার ভাবনা কীভাবে এলো সাকিবের মাথায়?
এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে অলরাউন্ডার বলেন, 'আমার কাছে মনে হয়, খবরগুলো নানাভাবেই উপস্থাপিত হয়। অনেক সময় সঠিক খবরটা পৌঁছায় না।'
'সঠিক নিউজটা যেন মানুষের কাছে পৌঁছায়, সেই জায়গা থেকে যদি কিছু করা যায়, সেরকমই একটা চিন্তা বলতে পারেন। মানে খবরের ভেতরের খবরটা যেন মানুষ জানতে পারে।’
সবার মতো ভিন্ন কিছু করবো এমন প্রচলিত স্বপ্ন না দেখিয়ে সাকিব জানালেন ভেতরের সত্যিকার খবরটা তুলে ধরাই তার মূল উদ্দেশ্য।
সাকিব বলেন, 'সবাই তো বলে যে আলাদা করে কিছু করতে চায়। আমি অমন কোনো কথা দিচ্ছি না। তবে একদম সত্যিকারের খবরগুলো তুলে আনব। যা ঘটছে, সেই সত্যিটাই যেন মানুষ জানতে পারে।’