খেলা
ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান আলাদাভাবে তিন দেশে হবে
আগামী বছরের ফুটবল বিশ্বকাপকে আরও জাঁকজমকপূর্ণ করতে নতুন পরিকল্পনার ঘোষণা দিয়েছে ফিফা। এবার প্রথমবারের মতো বিশ্বকাপের তিন আয়োজক দেশ—মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্র—প্রতিটিতেই আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হবে।
৪৮ দল নিয়ে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ শুরু হবে আগামী ১১ জুন মেক্সিকো সিটি থেকে। উদ্বোধনী ম্যাচের আগে আয়োজিত অনুষ্ঠানে গান পরিবেশন করবে জনপ্রিয় মেক্সিকান ব্যান্ড মানা। পাশাপাশি থাকবেন আলেহান্দ্রো ফার্নান্দেজ ও বেলিন্ডা। অনুষ্ঠানে মেক্সিকোর আদিবাসী সংস্কৃতি ও লোকসংগীতও তুলে ধরা হবে।
১২ জুন টরন্টো-তে নিজেদের প্রথম ম্যাচ খেলবে স্বাগতিক কানাডা। প্রতিপক্ষ বসনিয়া ও হার্জেগোভিনা। ম্যাচের আগে কনসার্টে অংশ নেবেন অ্যালানিস মরিসেট, মাইকেল বুবলে, অ্যালেসিয়া কারা ও উইলিয়াম প্রিন্স। এ আয়োজনে থাকবেন বাংলাদেশি বংশোদ্ভূত ডিজে সঞ্জয়-ও।
ফিফা জানিয়েছে, টরন্টোর অনুষ্ঠানে বিশ্বকাপ ট্রফিকে মোজাইক শিল্পরূপে উপস্থাপন করা হবে, যা কানাডার বৈচিত্র্য ও সামাজিক সম্প্রীতির প্রতীক হিসেবে তুলে ধরা হবে।
একই দিনে লস অ্যাঞ্জেলেস-এ যুক্তরাষ্ট্র মুখোমুখি হবে প্যারাগুয়ে। ম্যাচের আগে উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষণ থাকবেন পপ তারকা কেটি পেরি। এছাড়া পারফর্ম করবেন ফিউচার, লিসা, রেমা ও টাইলা।
ফিফার ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের উদ্বোধনী অনুষ্ঠান এমনভাবে সাজানো হচ্ছে যাতে বিশ্বকাপের বৈশ্বিক প্রভাব, সাংস্কৃতিক বৈচিত্র্য ও টুর্নামেন্টের মহিমা একসঙ্গে ফুটে ওঠে।