খেলা

ক্রিকেটার নাসির ও স্ত্রী তামিমার রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবে বাদীপক্ষ 


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১০ জুন ২০২৬, ০২:২৮ পিএম

ক্রিকেটার নাসির ও স্ত্রী তামিমার রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবে বাদীপক্ষ 
ছবিঃ সংগৃহীত

ব্যাভিচারের মামলায় ক্রিকেটার নাসির হোসাইন ও তার স্ত্রীর তামিমা সুলতানা তাম্মিকে বেকসুর খালাসের রায়ের বিপক্ষে উচ্চ আদালতে আপিল করবে বাদীপক্ষ।

আজ বুধবার (১০ জুন) দুপুর সাড়ে ১২টায় রায় ঘোষণার পর বাদীপক্ষের আইনজীবী সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান। 

এই রায়ে অসন্তুষ্টি প্রকাশ করে আইনজীবী ইসরাত হাসান বলেন, ‘কয়েক দিন ধরে আসামিপক্ষ বিভিন্নভাবে বলেছেন যে এ রায়ে তারা খালাস পেতে যাচ্ছেন। তবুও আইনের প্রতি আস্থা নিয়ে আমরা মামলাটি চালিয়েছি।

এমনকি মামলার বাদী আমাকে বিভিন্ন সময়ে আমাকে জানিয়েছে যে তার টাকা নেই। আমি তাকে ন্যায়বিচারের আশ্বাস দিয়েছি। মামলাটি পিবিআই তদন্ত করে তাদের বিরুদ্ধে অভিযোগ পেয়েছে।’

আইনজীবী ইসরাত হাসান বলেন, ‘এভাবে যদি ব্যাভিচার ও জালিয়াতিকে প্রশ্রয় দেওয়া হয় তাহলে সেটা বাদীর সঙ্গে অন্যায়ের শামিল।’

আজ রায় ঘোষণার আগে নাসির-তামিমা বেলা ১১টা ৪৫০-এর দিকে  ঢাকার ৫ নম্বর সিএমএম কোর্টে হাজির হন। পরে রায় ঘোষণা শেষে পুলিশি পাহারায় তাদের নিরাপত্তার জন্য সিএমএম কোর্টের ভেতরের হাজতখানায় নিয়ে কিছুক্ষণ রাখা হয়। এরপর তারা সেখান থেকে নিজেদের গন্তব্যের উদ্দেশে রওনা হন।

রায় ঘোষণার সময় আদালতে আসামিপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলুসহ কয়েকজন উপস্থিত ছিলেন। আদালতে উপস্থিত ছিলেন মামলার বাদী রাকিবও।

এর আগে গত ৬ মে বাদী ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুনানি শেষে  রায় ঘোষণার এ তারিখ ধার্য হয়। ওই দিন আদালতে  বাদী রাকিবের পক্ষে আইনজীবী ইসরাত হাসান, অপরদিকে নাসিরের পক্ষে আইনজীবী  আজিজুর রহমান দুলু এবং তামিমার পক্ষে আইনজীবী  মোসলেহ উদ্দিন জসীম যুক্তি উপস্থাপন করেন।

শুনানিতে তাদের সর্বোচ্চ সাজা চেয়ে প্রার্থনা করেন বাদীপক্ষ। তবে তাদের নির্দোষ দাবি করে খালাসের প্রার্থনা করেন আসামিপক্ষের আইনজীবীরা।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি তামিমা ও বাদী রাকিবের বিয়ে হয়। তাদের আট বছরের একটি মেয়েও রয়েছে। কিন্তু রাকিবের সঙ্গে বৈবাহিক সম্পর্ক আইনিভাবে বিচ্ছেদের আগে ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি তামিমা ও ক্রিকেটার নাসির হোসেন বিয়ে করেন।

২০২১ সালের ফেব্রুয়ারিতে নাসির ও তামিমার বিয়ের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে। এরপরই একই বছরের ২৪ ফেব্রুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা করেন তামিমার প্রাক্তন স্বামী রাকিব হোসেন।