খেলা
শেষ পর্যন্ত ‘পল্টি’ মারলেন সাকিব আল হাসান!
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান শেষ পর্যন্ত নিজের দেওয়া ঘোষণারই বাস্তবায়ন করলেন। ব্রাজিলের জার্সি গায়ে দিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেট লাইফ স্টেডিয়ামে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের খেলা দেখতে হাজির হয়েছেন তিনি।
শনিবার নেইমারের এজেন্ট হিসেবে পরিচিত রবিন মিয়ার এক ফেসবুক পোস্ট থেকে বিষয়টি জানা যায়। পোস্টে দেখা গেছে, সাকিবের পরা ব্রাজিলের জার্সিতে একটি অটোগ্রাফ রয়েছে, যা ধারণা করা হচ্ছে ব্রাজিলিয়ান তারকা নেইমারের।
কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে সাকিব বলেছিলেন, তিনি ব্রাজিলের ম্যাচ দেখতে যাবেন এবং ব্রাজিলের জার্সি কিনে ‘পল্টি’ দেওয়ার পোস্ট করবেন। বাস্তবে সেটাই করে দেখালেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।
ফুটবলে সাকিব দীর্ঘদিন ধরে আর্জেন্টিনার সমর্থক হিসেবে পরিচিত। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসির প্রতি তার পছন্দের কথাও সবার জানা। ক্লাব ফুটবলে স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সমর্থক হিসেবেও পরিচিত তিনি।
তবে এবার সেই আর্জেন্টিনা সমর্থক সাকিবের ব্রাজিল জার্সিতে উপস্থিতি সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।