খেলা
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়ার মা'কে যুক্তরাষ্ট্রে আনার চেষ্টা চলছে
বিশ্বকাপে স্পেনের বিপক্ষে ঐতিহাসিক ড্রয়ের পর আবেগঘন এক মন্তব্য করে বিশ্বজুড়ে আলোচনায় এসেছেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ম্যাচ শেষে তিনি জানান, অর্থ ও ভিসা–সংক্রান্ত জটিলতার কারণে তার মা যুক্তরাষ্ট্রে এসে খেলা দেখতে পারেননি।
স্পেনের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর আবেগাপ্লুত হয়ে ভোজিনহা বলেন, তিনি চেয়েছিলেন তার মা মাঠে বসে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হোন। কিন্তু সময়মতো প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা না হওয়ায় তা সম্ভব হয়নি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভোজিনহার এই বক্তব্যের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তর তার মাকে যুক্তরাষ্ট্রে আনার বিষয়ে সহায়তার উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে।
পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন, ভোজিনহার মায়ের নামে এখন পর্যন্ত কোনো ভিসা আবেদনের তথ্য পাওয়া যায়নি। পাশাপাশি বিশ্বকাপে অংশ নেওয়া খেলোয়াড়দের নিকটাত্মীয়দের জন্য ভিসা জামানতের নিয়ম শিথিল করা হয়েছে। ফলে বিষয়টি সমাধানে খেলোয়াড়ের পরিবারের সঙ্গে সরাসরি যোগাযোগের চেষ্টা চলছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ভোজিনহার মায়ের বর্তমানে বৈধ পাসপোর্ট নেই। তিনি নতুন পাসপোর্ট সংগ্রহের প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। পাসপোর্ট ইস্যুর পর ভিসা আবেদন প্রক্রিয়া সহজ হতে পারে।
বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, অংশগ্রহণকারী দেশের খেলোয়াড়, কোচ, সহায়ক কর্মী ও তাদের নিকটাত্মীয়রা নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে বিশেষ সুবিধায় ভিসার জন্য আবেদন করতে পারেন।
৪০ বছর বয়সী ভোজিনহা বর্তমানে পর্তুগালের দ্বিতীয় স্তরের এক ক্লাবে খেলেন। স্পেনের বিপক্ষে ম্যাচে তিনি সাতটি দুর্দান্ত সেভ করে দলকে ঐতিহাসিক ফল এনে দেন। তার অসাধারণ নৈপুণ্যে কেপ ভার্দে বিশ্বকাপের অন্যতম বড় চমক উপহার দেয়।
মাত্র সাড়ে পাঁচ লাখ মানুষের দেশ কেপ ভার্দেতে এই সাফল্য নিয়ে চলছে উচ্ছ্বাস। একই সঙ্গে ভোজিনহার জনপ্রিয়তাও আকাশছোঁয়া হয়েছে। কয়েক দিনের ব্যবধানে সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনুসারীর সংখ্যা কয়েক লাখ থেকে প্রায় এক কোটির কাছাকাছি পৌঁছেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিশ্বকাপে কেপ ভার্দের পরবর্তী ম্যাচ আগামী ২১ জুন, যেখানে তাদের প্রতিপক্ষ হবে উরুগুয়ে।
সূত্র: সিএনএন