খেলা

কেপ ভার্দের অধিনায়কের বিরুদ্ধে ব্রাজিলিয়ান এক নারীকে ধর্ষণের অভিযোগ  


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৭:০৩ পিএম

কেপ ভার্দের অধিনায়কের বিরুদ্ধে ব্রাজিলিয়ান এক নারীকে ধর্ষণের অভিযোগ  
ছবিঃ সংগৃহীত

প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে উঠে আলোচনায় থাকা কেপ ভার্দে এবার ভিন্ন এক কারণে সংবাদের শিরোনাম। দলের অধিনায়ক রায়ান মেন্ডেসের বিরুদ্ধে এক ব্রাজিলিয়ান নারী ধর্ষণের অভিযোগ এনেছেন। অভিযোগের ভিত্তিতে নিউজিল্যান্ড পুলিশ তদন্ত শুরু করেছে বলে নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো স্পোর্তে জানিয়েছে, চলতি বছরের মার্চে ফিফা সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যায় কেপ ভার্দে। সে সময় স্থানীয়ভাবে বসবাসকারী এক ব্রাজিলিয়ান নারীকে দলটির খেলোয়াড় ও কর্মকর্তাদের দোভাষী হিসেবে নিয়োগ দেওয়া হয়। অভিযোগ অনুযায়ী, ২৭ মার্চ অকল্যান্ডে কেপ ভার্দের টিম হোটেলে ওই নারী যৌন নিপীড়নের শিকার হন।

ভুক্তভোগীর দাবি, কাজের বৈঠকের কথা বলে তাকে একটি সামাজিক আড্ডায় নেওয়া হয়। পরে নিজের কক্ষে ফিরে গেলে রায়ান মেন্ডেস সেখানে প্রবেশ করে তাকে শারীরিকভাবে নির্যাতন ও ধর্ষণ করেন। তার দেওয়া ফরেনসিক ও চিকিৎসা প্রতিবেদনে শরীরে আঘাতের আলামত পাওয়া গেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর ভুক্তভোগী ফিফা ও কেপ ভার্দে ফুটবল ফেডারেশনের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেন। গত ১০ মে তিনি ও তার স্বামী মেন্ডেসকে দল থেকে বহিষ্কারের দাবিতে আইনি নোটিশও পাঠান। ফিফা জানিয়েছে, তারা নিউজিল্যান্ড কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।

এদিকে নিউজিল্যান্ড পুলিশ জানিয়েছে, গত এপ্রিল থেকেই ঘটনাটি তদন্তাধীন। তবে এখন পর্যন্ত রায়ান মেন্ডেসের বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগপত্র বা চার্জ গঠন করা হয়নি। কেপ ভার্দে ফুটবল ফেডারেশন ও মেন্ডেসও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি। ফলে অভিযোগের বিষয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এর সত্যতা বিচারিকভাবে প্রমাণিত হয়নি।