খেলা
বিশ্বকাপে নকআউট জয়ের উল্লাসে মেক্সিকোতে ভিড়ের চাপে প্রাণ গেল ৩ জনের
মেক্সিকোতে বিশ্বকাপ ফুটবলে দীর্ঘ ৪০ বছরের নকআউট পর্বের জয়ের খরা কাটানোর আনন্দ উদযাপন করতে গিয়ে মর্মান্তিক ঘটনা ঘটেছে। রাজধানী মেক্সিকো সিটিতে অতিরিক্ত ভিড়ের চাপে শ্বাসরোধ হয়ে তিনজনের মৃত্যু হয়েছে।
বুধবার (১ জুলাই) ভোরে মেক্সিকো সিটির স্বাস্থ্য সচিবালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে। বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে ঐতিহাসিক জয় পায় স্বাগতিক মেক্সিকো। এই জয় উদযাপন করতে হাজারো ফুটবলপ্রেমী শহরের বিখ্যাত ‘অ্যাঞ্জেল অব ইন্ডিপেন্ডেন্স’ স্মৃতিস্তম্ভের আশপাশে জড়ো হন।
উৎসব উপলক্ষে শহরের প্রধান সড়ক ‘পাসিও দে লা রিফোমা’সহ আশপাশের সড়কগুলো যান চলাচলের জন্য বন্ধ রাখা হয়। বিপুল জনসমাগমের মধ্যেই ঘটে এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা।
স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, উৎসব চলাকালে বিভিন্ন স্থান থেকে তিনজনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে ৪৪ বছর বয়সী এক পুরুষ ও ১৯ বছর বয়সী এক নারী ঘটনাস্থলেই মারা যান। অপরদিকে ৪৮ বছর বয়সী এক নারীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে অতিরিক্ত ভিড়ে শ্বাসরোধই মৃত্যুর কারণ বলে ধারণা করা হচ্ছে।
মেক্সিকো সিটির মেয়র ক্লারা ব্রুগাদা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে বলেন, উৎসব উদযাপনে সবার দায়িত্বশীলতা ও সতর্কতা জরুরি। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
চার দশকের অপেক্ষা শেষে জয় পাওয়ায় দেশজুড়ে উল্লাসে মেতে ওঠেন সমর্থকরা। তবে আনন্দের মধ্যেই ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, উদ্ধারকর্মীরা অসুস্থ হয়ে পড়া মানুষদের বাঁচাতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন। প্রায় দুই কোটির বেশি জনসংখ্যার এই শহরে এমন বিশাল জনসমাগম সামাল দেওয়া বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।