খেলা

ইসরায়েলি গুলিতে নিহত ফিলিস্তিনি জাতীয় দলের গোলরক্ষক 


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৮:৪৩ পিএম

ইসরায়েলি গুলিতে নিহত ফিলিস্তিনি জাতীয় দলের গোলরক্ষক 
ছবিঃ সংগৃহীত

ফিলিস্তিন জাতীয় ফুটবল দলের গোলরক্ষক সালিম আল-আশকার ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন। মাত্র পাঁচ মাস আগে বিয়ে করেছিলেন ৩২ বছর বয়সী এই ফুটবলার। তার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিলেন এবং অনাগত সন্তানের অপেক্ষায় ছিলেন তারা। কিন্তু গাজা উপত্যকায় চলমান সংঘাতের মধ্যেই তার জীবনাবসান ঘটল।

ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে সালিম আল-আশকারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তার মৃত্যুতে দেশটির ক্রীড়াঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। শোকবার্তায় তার ফুটবল ক্যারিয়ারের পাশাপাশি যুদ্ধের কারণে অকালে থেমে যাওয়া তার ব্যক্তিগত জীবনের কথাও তুলে ধরা হয়েছে।

অ্যাসোসিয়েশন জানায়, ২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ তীব্র হওয়ার পর থেকে এখন পর্যন্ত এক হাজারের বেশি ফিলিস্তিনি ক্রীড়াবিদ নিহত হয়েছেন। সালিম আল-আশকারও সেই দীর্ঘ তালিকায় যুক্ত হলেন।

চিলির ফুটবল ক্লাব দেপোর্তিভো প্যালেস্তিনো এক শোকবার্তায় জানায়, ‘৩২ বছর বয়সী ফিলিস্তিনি গোলরক্ষক সালিম আল-আশকারের মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। তিনি ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন। এমন ঘটনার পুনরাবৃত্তিতে আমরা গভীরভাবে ব্যথিত। আমরা ন্যায়বিচার ও দায়ীদের জবাবদিহির দাবি জানাই।’

সালিম আল-আশকারের মৃত্যু গাজায় চলমান সংঘাতের মানবিক মূল্যকে আবারও সামনে নিয়ে এসেছে। যুদ্ধের ভয়াবহতায় অসংখ্য সাধারণ মানুষের পাশাপাশি খেলোয়াড় ও ক্রীড়াবিদদের জীবনও ঝরে যাচ্ছে, যা আন্তর্জাতিক অঙ্গনে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে।

সূত্র: আল জাজিরা, আনাদোলু এজেন্সি।