খেলা
বিশ্বকাপে ব্রাজিলের ভরাডুবি নিয়ে পেলে-কন্যার বিস্ফোরক মন্তব্য
বিশ্বকাপের শেষ ষোলোতেই নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ১৯৯০ সালের পর এই প্রথম কোয়ার্টার ফাইনালে উঠতে ব্যর্থ হওয়া সেলেসাওদের এমন ব্যর্থতার জন্য দেশের ফুটবল ব্যবস্থার ভাঙন, স্বচ্ছতার অভাব ও জবাবদিহির সংকটকে দায়ী করেছেন কিংবদন্তি পেলের জ্যেষ্ঠ কন্যা কেলি নাসিমেন্তো।
রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে অধিকারকর্মী ও চলচ্চিত্র নির্মাতা নাসিমেন্তো বলেন,
‘ব্রাজিলিয়ান ফুটবল ব্যবস্থা ভেঙে পড়েছে। এটি দুর্নীতির কারণেই হোক বা অন্য কোনো কারণে—পুরো ব্যবস্থাটি একটি বন্ধ ও আত্মকেন্দ্রিক পরিবেশে পরিণত হয়েছে। ভেতরে কী হচ্ছে, কেউ দেখতে পায় না। সবাই জানে কেন এটি কাজ করছে না, কিন্তু কেউই সেটি ঠিক করতে পারছে না।’
তার মতে, ব্রাজিলে এখনও বিশ্বমানের ফুটবলার তৈরির সক্ষমতা রয়েছে। কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে ধারাবাহিক ব্যর্থতা দেশের ফুটবলের গভীর কাঠামোগত সংকটেরই প্রতিফলন। ২০০২ সালের পর প্রথম বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির অধীনে খেললেও মাঠের পারফরম্যান্সে সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি ব্রাজিল।
নাসিমেন্তো জানান, কিংবদন্তি পেলে জীবদ্দশায়ও ব্রাজিলিয়ান ফুটবলের অবনতিশীল অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করতেন। তিনি বলেন, ফ্রান্সের মতো দেশগুলো অনেক বেশি কার্যকর ও আধুনিক ফুটবল কাঠামো গড়ে তুলেছে, যা ব্রাজিলের জন্য অনুসরণযোগ্য হতে পারে।
তবে তিনি আশার কথাও শুনিয়েছেন। তার মতে, বিদেশি বিনিয়োগের মাধ্যমে ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাবগুলোর পুনর্জাগরণ ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
উদাহরণ হিসেবে তিনি বোটাফোগো ক্লাবের কথা উল্লেখ করেন। মার্কিন ব্যবসায়ী জন টেক্সটর ২০২২ সালে ক্লাবটির মালিকানা নেওয়ার পর বোটাফোগো উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। ২০২৪ সালে প্রথমবারের মতো কোপা লিবার্তাদোরেস জয়ের পাশাপাশি ২৯ বছর পর ক্যাম্পিওনাতো ব্রাসিলেইরো সিরি আ শিরোপাও জেতে দলটি। এছাড়া গত বছর ফিফা ক্লাব বিশ্বকাপে পিএসজিকে ১-০ গোলে হারিয়ে চমক দেখায় বোটাফোগো।
টেক্সটরের ক্লাব পরিচালনা নিয়ে বিতর্ক থাকলেও নাসিমেন্তোর মতে, তার সবচেয়ে বড় অবদান হলো জবাবদিহি ও স্বচ্ছতা প্রতিষ্ঠার চেষ্টা।
তিনি বলেন, তার (টেক্সটর) কাজ নিয়ে সমালোচনা আছে, কিন্তু প্রতিটি বিষয়েরই ভালো ও খারাপ দিক থাকে। তিনি অন্তত স্বচ্ছতা এনেছেন। তাকে একটি বিদেশি প্রতিষ্ঠানের কাছেও জবাবদিহি করতে হয়। আমার কাছে সেটি ইতিবাচক, তার বিরুদ্ধে যত অভিযোগই থাকুক না কেন।’