খেলা
ভোজিনহার পরিবারের জন্য বিশ্বকাপ ফাইনালের টিকিটের ব্যবস্থা করেছিলেন মেসি
বিশ্বকাপ ফাইনালের আগে কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহার পরিবারের জন্য ব্যক্তিগত উদ্যোগে টিকিটের ব্যবস্থা করেছিলেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি—এমন দাবি করেছেন আর্জেন্টাইন সাংবাদিক ইয়ানিনা লাতোরে। তার এ দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালের টিকিটের মূল্য অনেক বেশি হওয়ায় অনেকেই মাঠে বসে খেলা দেখার সুযোগ পাননি। এমন পরিস্থিতিতে কয়েকজনের জন্য ব্যক্তিগতভাবে বিনামূল্যে টিকিটের ব্যবস্থা করেন মেসি। লাতোরের দাবি, সেই সৌভাগ্যবানদের তালিকায় ছিলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহার পরিবারের চার সদস্যও।
প্রতিবেদনে বলা হয়, মেসি তার প্রতিনিধিদের নির্দেশ দিয়ে ভোজিনহার পরিবারের জন্য টিকিটের ব্যবস্থা করেন। তবে বিষয়টি এতদিন প্রকাশ্যে আসেনি।
যদিও ফাইনালের ফল মেসির পক্ষে যায়নি। রোববার অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী ম্যাচে স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ ট্রফি হাতছাড়া করে আর্জেন্টিনা।
তবে ভোজিনহার পরিবারের জন্য টিকিটের ব্যবস্থা করার বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) কিংবা মেসির প্রতিনিধিরা। ফলে বিষয়টি বর্তমানে সাংবাদিক ইয়ানিনা লাতোরের দাবির ওপরই নির্ভরশীল। তবুও এই খবর সামাজিক মাধ্যমে ব্যাপক আগ্রহ ও আলোচনা তৈরি করেছে।
উল্লেখ্য, বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার ৩-২ গোলের জয়ে ভোজিনহা দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছিলেন। একের পর এক গুরুত্বপূর্ণ সেভ করে তিনি আর্জেন্টিনাকে কঠিন পরীক্ষায় ফেলেন এবং নিজের পারফরম্যান্স দিয়ে ফুটবলপ্রেমীদের নজর কাড়েন। ম্যাচ শেষে মেসির জার্সিও চেয়েছিলেন এই কেপ ভার্দিয়ান গোলরক্ষক।