খেলা

বিশ্বকাপ ফাইনালের এক সপ্তাহ পর অবসরের ঘোষণা দিলেন রেফারি স্লাভকো ভিনচিচ


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৭:২২ পিএম

বিশ্বকাপ ফাইনালের এক সপ্তাহ পর অবসরের ঘোষণা দিলেন রেফারি স্লাভকো ভিনচিচ
ছবিঃ সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনাল পরিচালনার মাত্র এক সপ্তাহ পরই রেফারিং ক্যারিয়ারের ইতি টানলেন স্লোভেনিয়ার অভিজ্ঞ রেফারি স্লাভকো ভিনচিচ। স্লোভেনিয়ান ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে তার অবসরের বিষয়টি নিশ্চিত করেছে।

বিশ্বকাপ ফাইনালে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে শিরোপা জেতে স্পেন। ম্যাচে অতিরিক্ত সময়ে আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে লাল কার্ড দেখান ভিনচিচ। ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতিরও সৃষ্টি হয়। স্পেনের গাভিকে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসের বিরুদ্ধে। যদিও ওই ঘটনায় ভিনচিচ কোনো কার্ড দেখাননি। বিষয়টি নিয়ে ফিফা তদন্ত করছে।

ফাইনালের আগেই আলোচনায় ছিলেন ভিনচিচ। ফিফা যখন তাকে বিশ্বকাপ ফাইনালের রেফারি হিসেবে ঘোষণা করে, তখন আবেগে কান্নায় ভেঙে পড়েন তিনি। পরে আন্তর্জাতিক ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান ফেডারেশন (আইএফএফএইচএস) তাকে ২০২৬ বিশ্বকাপের সেরা রেফারি নির্বাচিত করে। এছাড়া ইতালিয়ান রেফারিদের সংগঠন (এআইএ) তাকে মর্যাদাপূর্ণ জুলিও কাম্পানাতি পুরস্কারেও ভূষিত করে।

এবারের বিশ্বকাপে মোট চারটি ম্যাচ পরিচালনা করেন ভিনচিচ। গ্রুপ পর্বে ব্রাজিল–মরক্কো ও জর্ডান–আলজেরিয়া, শেষ ষোলোতে মেক্সিকো–ইকুয়েডর এবং ফাইনালে স্পেন–আর্জেন্টিনা ম্যাচে দায়িত্ব পালন করেন তিনি।

২০১৯ সাল থেকে উয়েফার এলিট রেফারি প্যানেলের সদস্য ভিনচিচ এর আগে ইউরো ২০২০, ইউরো ২০২৪, ২০২৪ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল, ২০২২ সালের ইউরোপা লিগ ফাইনাল এবং ২০২২ কাতার বিশ্বকাপের ম্যাচও পরিচালনা করেছেন। ২০২৫ সালে তুরস্কের সুপার লিগে গালাতাসারাই ও ফেনারবাচের আলোচিত ম্যাচেও ছিলেন ম্যাচ রেফারি।

স্লোভেনিয়ান ফুটবল ফেডারেশন জানিয়েছে, চলতি মৌসুমকেই আগে থেকেই ভিনচিচের বিদায়ী মৌসুম হিসেবে নির্ধারণ করা হয়েছিল। ফলে বিশ্বকাপ ফাইনালের সমালোচনা বা বিতর্কের কারণে নয়, বরং পূর্বপরিকল্পনা অনুযায়ীই তিনি অবসরের সিদ্ধান্ত নিয়েছেন।

২০১২ ইউরোতে ষষ্ঠ রেফারি হিসেবে আন্তর্জাতিক যাত্রা শুরু করা ভিনচিচ দীর্ঘ ১৪ বছরের ক্যারিয়ারে উয়েফার শীর্ষ দুই ক্লাব প্রতিযোগিতায় ৭২টি ম্যাচ পরিচালনা করেছেন। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর বিশ্বকাপের ফাইনাল পরিচালনার মধ্য দিয়েই সফল রেফারিং ক্যারিয়ারের সমাপ্তি টানলেন তিনি।