খেলা

বোল্টের বিশ্বরেকর্ড ভাঙল চীনের হিউম্যানয়েড রোবট ‘লাইটনিং’


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৮:৩১ পিএম

বোল্টের বিশ্বরেকর্ড ভাঙল চীনের হিউম্যানয়েড রোবট ‘লাইটনিং’
ছবি: সংগৃহীত

চীনের তৈরি হিউম্যানয়েড রোবট ‘লাইটনিং’ ১০০ মিটার দৌড়ে জ্যামাইকান কিংবদন্তি উসেইন বোল্টের বিশ্বরেকর্ডের চেয়েও দ্রুত সময় করেছে। শনিবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, বেইজিংয়ে আয়োজিত একটি প্রস্তুতিমূলক পরীক্ষায় রোবটটি ১০০ মিটার দূরত্ব অতিক্রম করতে সময় নিয়েছে মাত্র ৯ দশমিক ৩২ সেকেন্ড।

বেইজিংয়ে শুরু হওয়া দ্বিতীয় বিশ্ব হিউম্যানয়েড রোবট গেমসের ট্রায়াল পর্বে এই সাফল্য পায় ‘লাইটনিং’। দৌড়ের সময় রোবটটির সর্বোচ্চ গতি ছিল প্রতি সেকেন্ডে ১৪ দশমিক ৫ মিটার।

২০০৯ সালে বার্লিন বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার দৌড়ে ৯ দশমিক ৫৮ সেকেন্ড সময় নিয়ে বিশ্বরেকর্ড গড়েছিলেন উসেইন বোল্ট। সেই রেকর্ড এখনো কোনো মানব দৌড়বিদ ভাঙতে পারেননি। তবে ‘লাইটনিং’-এর পরীক্ষামূলক সময় বোল্টের রেকর্ডের চেয়ে ০ দশমিক ২৬ সেকেন্ড কম।

চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অনারের তৈরি এই হিউম্যানয়েড রোবটটি এর আগেও দৌড় প্রতিযোগিতায় সাফল্য দেখিয়েছে। গত এপ্রিলে অনুষ্ঠিত ২১ কিলোমিটারের বেইজিং হাফ ম্যারাথনে ৫০ মিনিট ২৬ সেকেন্ড সময় নিয়ে জয়ী হয়েছিল ‘লাইটনিং’।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানিয়েছে, ওই প্রতিযোগিতার সময় রোবটটির উচ্চতা ছিল ১৬৯ সেন্টিমিটার এবং পায়ের দৈর্ঘ্য ছিল ৯৫ সেন্টিমিটার। রোবট গেমসের আগে গবেষকেরা এর পায়ের দৈর্ঘ্য আরও ১০ সেন্টিমিটার বাড়িয়ে ১ দশমিক ৫ মিটার করেন।

উৎপাদন, সরবরাহ ব্যবস্থা ও দৈনন্দিন ব্যবহারের বিভিন্ন ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ও উন্নত প্রযুক্তির ব্যবহার বাড়াতে হিউম্যানয়েড রোবট শিল্পকে কৌশলগতভাবে গুরুত্ব দিচ্ছে চীন। নতুন এই সাফল্য দেশটির রোবট প্রযুক্তির অগ্রগতির আরেকটি উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।