ক্যাম্পাস

নবীন শিক্ষার্থীদের আগমনে মুখরিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়


ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ০৬:০১ পিএম

নবীন শিক্ষার্থীদের আগমনে মুখরিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়
নবীন শিক্ষার্থীদের আগমনে মুখরিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের পদচারণায় আজ প্রাণচঞ্চল হয়ে উঠেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। মঙ্গলবার (১ জুলাই) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের ১৯টি বিভাগে একযোগে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিটি বিভাগে ছিলো নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানাতে ব্যতিক্রমী আয়োজন ও উষ্ণ অভ্যর্থনা।

নতুন পরিবেশে পা রাখা শিক্ষার্থীদের জন্য দিনটি ছিলো যেমন আনন্দময়, তেমনি ছিলো আবেগে ভরা। অনেকেই জানালেন তাদের স্বপ্ন পূরণের কথা, অভিজ্ঞতার প্রথম দিন আর কুবির লাল মাটি আর সবুজে ঘেরা সৌন্দর্যে মুগ্ধ হওয়ার অনুভূতি।

আইন বিভাগে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থী আরিফা জেসমিন বলেন, "কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। নবীনবরণ অনুষ্ঠানে অংশ নিতে সকালেই চলে এসেছি। আমাদের স্যারেরা ও সিনিয়ররা আন্তরিকভাবে বরণ করেছেন। তাদের অনুপ্রেরণামূলক কথাগুলো আমাদের ভবিষ্যতের পথচলায় কাজে আসবে বলে বিশ্বাস করি।"

পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. ইমরান নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, "আমি সবসময় চেয়েছি নিজেকে একজন পাবলিকিয়ান হিসেবে পরিচয় দিতে। অনেক কাঙ্ক্ষিত ছিল কুবিতে পড়া। অবশেষে সেই স্বপ্ন পূরণ হয়েছে। ক্যাম্পাসের পরিবেশ, সিনিয়রদের ভালোবাসা—সব মিলিয়ে খুব আনন্দিত আমি।"

চাঁদপুর থেকে আসা শিক্ষার্থী নাফজান হাসানাত নোহা বলেন, "সিনিয়রদের আন্তরিকতা ও নবীনবরণ অনুষ্ঠানের সুন্দর আয়োজন আমাকে মুগ্ধ করেছে। আশা করি, বিশ্ববিদ্যালয় জীবন স্মরণীয় হয়ে থাকবে।"

নবীনবরণ অনুষ্ঠানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী বলেন, "গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে এসে এবার আমরা মানসম্পন্ন শিক্ষার্থী পেয়েছি। পূর্ব ঘোষণা অনুযায়ী আমরা আজ থেকে ক্লাস শুরু করেছি—এ জন্য আলহামদুলিল্লাহ। র‍্যাগিংমুক্ত ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার। শিক্ষার্থীরা যেন স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে এবং বিশ্ববিদ্যালয় জীবনের প্রতিটি দিন উপভোগ করতে পারে, আমরা সেই পরিবেশ গড়ে তুলতে বদ্ধপরিকর।"

উপাচার্য আরও জানান, নতুন শিক্ষার্থীদের জন্য বিশেষ একটি নির্দেশনামূলক বই প্রকাশ করা হয়েছে, যেখানে রয়েছে বিশ্ববিদ্যালয় জীবন পরিচালনার দিকনির্দেশনা ও সহায়ক তথ্য।