ক্যাম্পাস

চাঁদাবাজিতে গ্রেফতার হওয়া অপুর ছাত্রত্ব স্থগিত করল গ্রিন ইউনিভার্সিটি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ০৮:৫৭ পিএম

চাঁদাবাজিতে গ্রেফতার হওয়া অপুর ছাত্রত্ব স্থগিত করল গ্রিন ইউনিভার্সিটি
ছবি: সংগৃহীত

গুলশানে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার হওয়া গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগের শিক্ষার্থী জানে আলম অপুর ছাত্রত্ব সাময়িকভাবে স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

নোটিশে বলা হয়, জানে আলম অপুর বিরুদ্ধে গুলশান থানায় ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে এবং বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আচরণবিধির ৩.৮ এবং ১১.৩.৭ ধারার আওতায় তাঁর ছাত্রত্ব সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

এই সিদ্ধান্ত অনুযায়ী, আপাতত জানে আলম অপু কোনো ধরনের একাডেমিক কার্যক্রম, ক্লাস, পরীক্ষা কিংবা সহশিক্ষা কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবেন না। একইসঙ্গে তাঁকে বিশ্ববিদ্যালয়ের কোনো সুযোগ-সুবিধা থেকে বিরত রাখা হবে এবং ক্যাম্পাসে প্রবেশেও নিষেধাজ্ঞা বহাল থাকবে। এই নিষেধাজ্ঞা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

প্রসঙ্গত, গত ১ আগস্ট রাজধানীর ওয়ারী এলাকা থেকে জানে আলম অপুকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তিনি গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক ও বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে গুলশানে একটি প্রতিষ্ঠানের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগ ওঠে। ওই ঘটনার জেরে তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের হয় এবং পরে তাকে গ্রেফতার করা হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, তদন্তের অগ্রগতির ওপর ভিত্তি করে অপুর বিরুদ্ধে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।