ক্যাম্পাস

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনকালে ৬ শিক্ষার্থী আটক


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ০৯:২৭ এএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনকালে ৬ শিক্ষার্থী আটক
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে গাঁজা সেবনের সময় হাতেনাতে আটক হয়েছেন ছয়জন শিক্ষার্থী। সোমবার (৪ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হলের ৮২৪ নম্বর কক্ষে অভিযান চালিয়ে তাদের আটক করে হল প্রশাসন।

অভিযানে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও হলের সিনিয়র ওয়ার্ডেন অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রাত ১১টা ১০ মিনিটে গাঁজা সেবনের তথ্য পেয়ে তাৎক্ষণিকভাবে কক্ষে অভিযান চালানো হয়। এ সময় এক শিক্ষার্থীর ব্যাগ থেকে গাঁজা এবং গাঁজা সেবনের বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।

আটক হওয়া শিক্ষার্থীরা হলেন- অর্থনীতি বিভাগের ৪৯তম ব্যাচের হাসান শোয়েব আনজুম, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ৫০তম ব্যাচের আরমান হোসেন, ভূগোল ও পরিবেশ বিভাগের ৫০তম ব্যাচের নাঈব, ৫১তম ব্যাচের মো. মেহেদী হাসান, হৃদয় সরকার এবং ৫২তম ব্যাচের মো. জেরিন।

সহকারী প্রক্টর ড. আব্দুর রাজ্জাক বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে হলে গিয়ে অভিযানে অংশ নিই। তাদের ঘটনাস্থলেই গাঁজা সেবনের সময় হাতেনাতে ধরি। জিজ্ঞাসাবাদে তারা ঘটনার দায় স্বীকার করেছে এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়াবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছে।”

তিনি আরও জানান, অভিযুক্তদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের বিধিমালা অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।