ক্যাম্পাস
স্বাধীনতাবিরোধীদের স্মরণ করল ছাত্রশিবির, প্রতিবাদ বাম ছাত্র সংগঠনগুলোর
স্বৈরাচার পতন দিবসের দিনে স্বাধীনতাবিরোধী যুদ্ধাপরাধীদের স্মরণ করে ব্যানার ও পোস্টার টাঙানোর ঘটনায় বিতর্কের জন্ম দিয়েছে ইসলামী ছাত্রশিবির।
মঙ্গলবার (৫ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে ‘৩৬ জুলাই: আমরা থামব না’ শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে শিবির এ আয়োজন করে।
বিশেষভাবে লক্ষ্য করা যায়, টিএসসির সবুজ মাঠে স্থাপন করা একটি ব্যানারে মতিউর রহমান নিজামী, কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের চৌধুরী ও দেলোয়ার হোসেন সাঈদীর ছবি সংযুক্ত করা হয়—যাদের সবাই স্বাধীনতাবিরোধী ও যুদ্ধাপরাধী হিসেবে পরিচিত। বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বামপন্থী ছাত্র সংগঠনগুলো।
অনুষ্ঠানে প্রতীকীভাবে ‘ফতেহ গণভবন’ ও ‘৩৬ জুলাই এক্সপ্রেস’ নামের স্থাপনা তৈরি করা হয়। প্রদর্শনীতে তুলে ধরা হয় জুলাই অভ্যুত্থানের নারী বিপ্লবীদের প্রতীকী চিত্র, শহীদ আবু সাঈদসহ অন্যান্য শহীদদের ছবি, এবং সরকারের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের ব্যঙ্গচিত্র—যার মধ্যে ছিলেন শেখ হাসিনা, বিচারপতি মানিক মিয়া ও জুনায়েদ আহমেদ পলক।
ছাত্রশিবিরের এই তৎপরতার পরপরই বাম ছাত্র সংগঠনগুলো ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল করেছে। তারা একে মুক্তিযুদ্ধ ও শহীদদের অবমাননা বলে আখ্যা দিয়ে অবিলম্বে ব্যানার ও ছবি অপসারণের দাবি জানিয়েছে।
এ নিয়ে ছাত্ররাজনীতিতে নতুন উত্তেজনার সৃষ্টি হয়েছে।