ক্যাম্পাস
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৬৪ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, ৭৩ জনের সনদ বাতিল
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় কঠোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৬৪ জন শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার এবং ৭৩ জন সাবেক শিক্ষার্থীর সনদ স্থায়ীভাবে বাতিল করা হয়েছে।
সোমবার (৪ আগস্ট) গভীর রাতে সিন্ডিকেট সভা শেষে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, হামলার ঘটনায় মোট অভিযুক্ত ২২৯ জনের মধ্যে ১৩০ জন বর্তমান এবং ৯৯ জন সাবেক শিক্ষার্থী। বর্তমান শিক্ষার্থীদের মধ্যে ৬৪ জনকে আজীবন বহিষ্কার, ৩৭ জনকে ২ বছর, ৮ জনকে ১ বছর এবং একজনকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।
অপরদিকে, ২০ জনকে অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। সাবেক ৯৯ শিক্ষার্থীর মধ্যে ৭৩ জনের সনদ বাতিল, ৬ জনের সনদ ২ বছরের জন্য স্থগিত এবং ২০ জনকে অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
এর আগে, গত ১৭ মার্চ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় প্রাথমিক তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ২৮৯ জনকে সাময়িক বহিষ্কার করা হয়। যাদের ছাত্রত্ব শেষ, তাদের সনদ স্থগিত এবং পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের ফলাফল স্থগিত করা হয়। এছাড়া অধিকতর তদন্তে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। একইসঙ্গে ৯ শিক্ষককে সাময়িক বরখাস্ত এবং তৎকালীন উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম ও রেজিস্ট্রার আবু হাসানের পেনশন সুবিধা বাতিলের সিদ্ধান্ত হয়।