ক্যাম্পাস
২৪ ঘণ্টার মধ্যে জাতিসংঘ মানবাধিকার অফিসের অনুমোদন বাতিলের দাবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল বিক্ষুব্ধ শিক্ষার্থী ঢাকায় জাতিসংঘ মানবাধিকার অফিস স্থাপনের অনুমোদন বাতিলের জন্য অন্তর্বর্তী সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে।
রবিবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানায়। লিখিত বক্তব্য পাঠ করেন ঢাবি শিক্ষার্থী জিয়াউল হক।
শিক্ষার্থীদের অভিযোগ, জাতিসংঘ মানবাধিকার অফিস এলজিবিটিকিউ বা সমকামিতাকে ‘অধিকার’ হিসেবে স্বীকৃতি দিয়ে তা প্রমোট করে, যা দেশে স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হলে সামাজিক ও পারিবারিক কাঠামো ধ্বংস হবে।
তাদের আশঙ্কা, এর ফলে লিঙ্গ পরিবর্তনের প্রবণতা, মানসিক বিকৃতি এবং নৈতিক অবক্ষয় বাড়বে। এমনকি কোটা ব্যবস্থায় নতুন করে ট্রান্সজেন্ডার বা সমকামী কোটার পাশাপাশি ‘সমকামী ইমাম’ কোটাও চালু হতে পারে।
শিক্ষার্থীরা আরও দাবি করে, এই অফিস দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য হুমকি, পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীলতা সৃষ্টি করবে এবং বিচ্ছিন্নতাবাদীদের মদদ দেবে। এছাড়া, জাতিসংঘ ধর্ষণ ও হত্যার মতো অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর ঠেকাতে বাধা দেবে বলে তাদের অভিযোগ।
জিয়াউল হক হুঁশিয়ারি দেন, দাবি মানা না হলে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে সঙ্গে নিয়ে লাগাতার কঠোর আন্দোলনে নামবেন।