ক্যাম্পাস

১০ বছরেও শেষ হয়নি স্নাতক, যা বললেন ঢাবি ছাত্রনেতা মেঘমল্লার বসু


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ১০:২৫ পিএম

১০ বছরেও শেষ হয়নি স্নাতক, যা বললেন ঢাবি ছাত্রনেতা মেঘমল্লার বসু
মেঘমল্লার বসু। ছবি: সংগৃহীত

এক দশকেও স্নাতক সম্পন্ন করতে না পারায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন নেতা মেঘমল্লার বসু। ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী হয়েও তিনি এখনো রয়েছেন অনার্স চতুর্থ বর্ষে।

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হলে, সেখানে মেঘমল্লারের নাম ও শিক্ষাগত তথ্য সামনে আসে। এরপর থেকেই শিক্ষার্থীরা ফেসবুকে নানা রকম ব্যঙ্গ ও প্রশ্ন ছুড়ে দেন তার দীর্ঘ ছাত্রজীবন নিয়ে।

‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ-২’ নামের একটি ফেসবুক গ্রুপে হাবিবুর রহমান নামে এক শিক্ষার্থী লিখেছেন, “ছাত্রদলের অনেক নেতাই হয়রানির কারণে পড়া শেষ করতে পারেনি। কিন্তু বসুর সমস্যা কী ছিল?”

আরেকজন সৌরভ নামে লিখেছেন, “মেঘমল্লার বসু যখন ক্যাম্পাসে আসে, তখন আমি গোঁফ তুলতে শিখিনি। এখন দাড়ি-মোচ সব হয়ে গেছে, আর উনি এখনো আন্ডারগ্র্যাজুয়েট!”

তবে বিষয়টি নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন মেঘমল্লার বসু। গণমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আমি প্রথম ও দ্বিতীয় বর্ষ পরপর পাস করেছি। কিন্তু ২০১৮ সালের পর বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ক্লাস উপস্থিতি না থাকায় পরীক্ষা দিতে পারিনি। এরপর ২০২১ সালে পুনরায় একাডেমিকভাবে ফেরত এসে ২০২২ সালে অষ্টম সেমিস্টার শেষ করি।”

তিনি আরও বলেন, “তিনটি ভিন্ন কোর্সে এখনো পাশ না করায় আমাকে এখনো আনুষ্ঠানিকভাবে চতুর্থ বর্ষের শিক্ষার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে আমি মূলত অষ্টম সেমিস্টার শেষ করে ফেলেছি।”