ক্যাম্পাস

ঢাবিতে ‌‘কালচারাল ফ্যাসিস্টদের’ ছবিতে জুতা নিক্ষেপ, বয়কটের ঘোষণা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ০৫:৪৬ পিএম

ঢাবিতে ‌‘কালচারাল ফ্যাসিস্টদের’ ছবিতে জুতা নিক্ষেপ, বয়কটের ঘোষণা
ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ ও শ্রদ্ধা জানানোর ঘটনাকে কেন্দ্র করে দেশের একাধিক জনপ্রিয় সাংস্কৃতিক ও গণমাধ্যমকর্মীর বিরুদ্ধে বয়কটের ডাক দিয়েছে একটি বিক্ষুব্ধ অংশ। তাদের ‘কালচারাল ফ্যাসিস্ট’ হিসেবে অভিহিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ছবিতে জুতা নিক্ষেপের কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ‘বিক্ষুব্ধ ছাত্র-জনতা’ ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়। আয়োজকদের দাবি, ১৫ আগস্ট শহীদদের স্মরণ না করে কিংবা নীরবতা পালন করে কিছু সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণহত্যার ইতিহাসকে তাচ্ছিল্য করেছেন।

এই কর্মসূচির প্রচারে ছড়িয়ে পড়া পোস্টারে লেখা ছিল—‘কালচারাল ফ্যাসিস্টদের বয়কট করুন’, ‘শহীদদের রক্তকে অবজ্ঞা করে যারা গণহত্যার পক্ষে নীরবতা পালন করে, তাদের চিনে রাখুন।’

পোস্টারে যাদের বিরুদ্ধে কর্মসূচির ডাক দেওয়া হয়েছে, তাদের মধ্যে রয়েছেন সংগীতশিল্পী লিঙ্কন (আর্টসেল), রাহুল আনন্দ, সিয়াম (এসপি ক্রিয়েশন), অভিনেত্রী অরুণা বিশ্বাস, মুমতাহিনা টয়া, নাজিফা তুষি, সুনেরাহ বিনতে কামাল, পিয়া জান্নাতুল, খাইরুল বাসার, ইরফান সাজ্জাদ, কচি খন্দকার, মেহের আফরোজ শাওন এবং অভিনেতা শাকিব খানসহ মোট ৩০ জন সাংস্কৃতিক ও মিডিয়া অঙ্গনের ব্যক্তি।

বিক্ষোভকারীদের একজন, আব্দুল ওয়াহেদ নামের এক শিক্ষার্থী জানান, “এই দেশে সাংস্কৃতিক নেতৃত্ব যারা দেন, তাদের কাছ থেকে আমরা ন্যূনতম নৈতিক অবস্থান আশা করি। কিন্তু যারা ১৫ আগস্ট শহীদদের স্মরণ না করে নিরব থাকেন, তারা আমাদের কাছে গণমানুষের প্রতিনিধি হতে পারেন না।”

তবে এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের কারো পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।