ক্যাম্পাস
রাবি শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ ও ভাঙচুর
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিসংখ্যান বিভাগের অধ্যাপক প্রভাস কুমার কর্মকারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। অভিযোগকারী একই বিভাগের একজন ছাত্রী। এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন শিক্ষার্থীরা।
রোববার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাসের প্যারিস রোডে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করেন। এর আগে, ক্ষুব্ধ শিক্ষার্থীরা বিভাগীয় ভবন ঘেরাও করে অভিযুক্ত শিক্ষকের কক্ষের নামফলক ভাঙচুর করেন।
বিক্ষোভকারীরা দ্রুততম সময়ে সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তাঁরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরেই শিক্ষক-ছাত্রী সম্পর্কের আড়ালে হয়রানিমূলক আচরণ চলছিল।
এমন উত্তপ্ত পরিস্থিতিতে বিভাগের সব শিক্ষক জরুরি বৈঠকে বসেন বলে জানা গেছে। বিভাগের চেয়ারপারসন প্রফেসর ড. মো. রেজাউল করিম ঘটনাটির প্রাথমিক সত্যতা নিশ্চিত করেছেন।
তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।