ক্যাম্পাস
বেরোবি ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশন, অসুস্থ ৪ শিক্ষার্থী
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন অব্যাহত রয়েছে। টানা ২৪ ঘণ্টা ধরে চলা এই কর্মসূচিতে চারজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন।
গতকাল রোববার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উত্তর ফটকের সামনে প্রথমে ১০ জন শিক্ষার্থী অনশনে বসেন। পরে আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আরও কয়েকজন শিক্ষার্থী যোগ দেন। সন্ধ্যায় এ দাবির সমর্থনে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলও অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকেই তাদের কাছ থেকে ছাত্র সংসদ বাবদ ফি নেওয়া হলেও বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদের কোনো ধারা নেই। তাঁরা আইন সংশোধন করে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা এবং আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের দাবি জানান।
রাত ১১টার দিকে উপাচার্য অধ্যাপক মো. শওকাত আলী, রেজিস্ট্রার হারুন অর রশিদ, প্রক্টর ফেরদৌস রহমান এবং ছাত্র উপদেষ্টা ইলিয়াস প্রামাণিক অনশনস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় ছাত্র উপদেষ্টা অনশন প্রত্যাহার করে অবস্থান কর্মসূচি পালনের আহ্বান জানালেও শিক্ষার্থীরা তাঁদের দাবিতে অনড় থাকেন।
উপাচার্য অধ্যাপক মো. শওকাত আলী বলেন, “বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদ নির্বাচনের কোনো ধারা নেই। তাই নির্বাচন আয়োজন সম্ভব হচ্ছে না। তবে আইন সংশোধন হলে চলতি বছরের নভেম্বরের মধ্যেই নির্বাচন আয়োজন করা সম্ভব। শিক্ষার্থীদের দাবির সঙ্গে আমি একমত। আইন সংশোধন প্রক্রিয়া যাতে দ্রুত হয়, সে জন্য আমি ইউজিসির সঙ্গে কথা বলেছি।”
এদিকে দীর্ঘসময় অনশনে থাকার কারণে রোববার দিবাগত রাতে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাহিদ হাসান, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মাহিদুল ইসলাম এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রুমানুল ইসলাম অসুস্থ হয়ে পড়েন। তাঁদের হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে সহপাঠীরা বাধা দেন। পরে ডাক্তার ডেকে এনে সেখানেই চিকিৎসা দেওয়া হয়। আজ সকালে আরও এক শিক্ষার্থী, আরমান হোসেন অসুস্থ হয়ে পড়েন।
বাংলা বিভাগের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক শামসুর রহমান বলেন, “আন্দোলন করতে এসে আমাদের ভাইয়েরা শয্যাশায়ী। যদি দ্রুত দাবির বিষয়ে ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে আরেকটি নতুন বিপ্লবের সূচনা হবে।”