ক্যাম্পাস

ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করল ছাত্রদল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ০১:১২ পিএম

ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করল ছাত্রদল
আবিদুল ইসলাম খান, তানভীর বারী হামিম ও তানভীর আল হাদী মায়েদ। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল তাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে।

ভিপি পদে মনোনয়ন পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী আবিদুল ইসলাম খান। জিএস পদে মনোনয়ন দেওয়া হয়েছে কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক ও উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ সেশনের তানভীর বারী হামিমকে। এজিএস পদে বিজয় একাত্তর হল ছাত্রদলের আহ্বায়ক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮-১৯ সেশনের তানভীর আল হাদী মায়েদ মনোনয়ন পেয়েছেন।

বুধবার (২০ আগস্ট) দুপুরে অপরাজেয় বাংলার পাদদেশে ডাকসু নির্বাচনের প্যানেল ঘোষণা করেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি জানান, ২৮টি পদের মধ্যে ২৭ পদে প্রার্থী দিয়েছে ছাত্রদল। প্রকাশনা ও গবেষণা সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী জুলাই আন্দোলনে আহত সানজিদা আহমেদ তন্বীর প্রতি সম্মান দেখিয়ে ছাত্রদল কোনো প্রার্থী দিচ্ছে না, বরং তাকে সমর্থন জানাবে। রাকিবুল ইসলাম রাকিব বলেন, “গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনপ্রিয় ও তরুণ নেতাদের মনোনীত করা হয়েছে। এখানে কোনো হস্তক্ষেপ নেই।”

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির মন্তব্য করেছেন, “নির্যাতনে জড়িত ছাত্রনামধারী ছাত্রলীগের সন্ত্রাসী ও নিপীড়ক শিক্ষকদের বিচার না করেই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তাদের দ্রুত বিচার করা প্রয়োজন।”

ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেলে ভিপি পদে আবিদুল ইসলাম খান, জিএস পদে তানভীর বারী হামিম, এজিএস পদে তানভীর আল হাদী, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে আরিফুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে এহসানুল ইসলাম, কমনরুম ও ক্যাফটেরিয়া বিষয়ক সম্পাদক পদে চেমন ফারিয়া ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মো. মেহেদী হাসান, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে আবু হায়াত মো. জুলফিকার জিসান, ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে চিম চিম্যা চাকমা, ছাত্র পরিবহন সম্পাদক পদে মো. সাইফ উল্লাহ (সাইফ), সমাজসেবা সম্পাদক পদে সৈয়দ ইমাম হাসান অনিক, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক পদে আরকানুল ইসলাম রূপক, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে আনোয়ার হোসাইন, মানবাধিকার ও আইন সম্পাদক পদে মেহেদী হাসান মুন্না এবং সদস্য পদে মনোনয়ন পেয়েছেন জারিফ রহমান, মাহমুদুল হাসান, নাহিদ হাসান, হাসিবুর রহমান সাকিব, শামীম রানা, ইয়াসিন আরাফাত আলিফ, মুনইম হাসান অরূপ, রঞ্জন রায়, সোয়াইব ইসলাম ওমি, মেহেরুন্নেসা কেয়া, ইবনু আহমেদ, সামসুল হক আনান ও নিত্যানন্দ পাল।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।