ক্যাম্পাস

সকল অপপ্রচার রুখে দিবে ছাত্রদল: ভিপি প্রার্থী আবিদুল ইসলাম


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ০৭:২৪ পিএম

সকল অপপ্রচার রুখে দিবে ছাত্রদল: ভিপি প্রার্থী আবিদুল ইসলাম
আবিদুল ইসলাম খান। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিএনপিপন্থী ছাত্রদলের ভিপি (সহসভাপতি) প্রার্থী আবিদুল ইসলাম খান অভিযোগ করেছেন, ৫ আগস্টের পর থেকে বিভিন্ন সংগঠন বিশেষ করে বাগছাস ও শিবির- ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে এবং তাদের ছাত্রলীগের সঙ্গে ট্যাগিং করা হচ্ছে।

শুক্রবার (২২ আগস্ট) শহিদুল্লাহ হলের সামনে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আবিদুল বলেন, “এ সকল অপপ্রচার রুখে দিয়ে নির্বাচনী মাঠে ঘুরে দাঁড়াবে ছাত্রদল। পাশাপাশি অপপ্রচার রুখতে প্রশাসনকে কার্যকর ভূমিকা নিতে হবে।”

তিনি আরও উল্লেখ করেন, ডাকসুর প্রার্থী হিসেবে তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মসজিদে নামাজ আদায় করছেন এবং সেখানে শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য বিনিময় করছেন—এটিকে আচরণবিধি লঙ্ঘনের অজুহাত বানিয়ে ছাত্রদলের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে, যা নির্বাচন কমিশনের দৃষ্টিগোচর করা জরুরি।

ছাত্রদলের পক্ষ থেকে ঘোষিত প্যানেলকে তিনি ‘অন্তর্ভুক্তিমূলক’ বলে দাবি করেন। তার ভাষায়, “আমাদের প্যানেলে আদিবাসী, ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধি, নারী প্রার্থীসহ সবাই স্থান পেয়েছেন। শুধু সংগঠনের সভাপতি-সম্পাদক নয়, বরং সাধারণ শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে পরীক্ষিত নেতাদের প্রার্থী করা হয়েছে।”

ইশতেহার এখনও প্রকাশ না করলেও আবিদুল ইসলাম খান জানিয়েছেন, ছাত্রদলের মূল প্রতিশ্রুতি থাকবে গেস্টরুম-গণরুম সংস্কৃতি চিরতরে বিলুপ্ত করা, শিক্ষার্থীদের নিরাপত্তা ও আবাসন নিশ্চিত করা এবং যারা টিউশনের ওপর নির্ভর করে পড়াশোনা চালান—তাদের জন্য বিশেষ সহায়তা চালু করা।