ক্যাম্পাস

রাজশাহী মেডিকেল ক্যাম্পাসে গাছ লুট, এক হাজারের বেশি গাছ উজাড়


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ০৯:৫০ এএম

রাজশাহী মেডিকেল ক্যাম্পাসে গাছ লুট, এক হাজারের বেশি গাছ উজাড়
ছবি: সংগৃহীত

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) সিলিন্দা এলাকায় নির্ধারিত ক্যাম্পাস থেকে এক হাজারেরও বেশি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে।

২০৫ বিঘা আয়তনের এই ক্যাম্পাসে আগে ছিল আমবাগান ও মেহগনিবাগান। সম্প্রতি সেসব উজাড় করে শত শত মূল্যবান গাছ লুট হয়ে গেছে।

বিশ্ববিদ্যালয়ের হিসাব অনুযায়ী, ক্যাম্পাস এলাকায় প্রায় সাড়ে পাঁচ হাজার গাছ রয়েছে। এগুলো বিক্রির জন্য নম্বরিং করা হলেও এখনো কোনো দরপত্র আহ্বান বা কার্যাদেশ দেওয়া হয়নি। অথচ গত প্রায় এক মাস ধরে নিয়মিত গাছ কেটে বাইরে সরিয়ে নেওয়া হচ্ছে। এর ফলে গাছপালায় ভরা এলাকায় বড় অংশ এখন ফাঁকা হয়ে পড়েছে।

অভিযোগ উঠেছে, বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মকর্তার যোগসাজশে ক্যাম্পাসে বালু ভরাটের কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান হোসাইন কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড এ অনিয়ম করেছে। স্থানীয়ভাবে প্রতিষ্ঠানটির হয়ে কাজ করছেন রাজশাহী মহানগর শিবিরের সাবেক সভাপতি খায়রুল ইসলাম ও শিবির নেতা শাকিলুর রহমান। তবে তারা গাছ কাটার অভিযোগ অস্বীকার করেছেন।

প্রতিষ্ঠানটির রাজশাহীর ব্যবস্থাপক দেলোয়ার হোসেন বলেন, “আমরা শুধু বালু ভরাটের কাজ করছি। যেখানে গাছ কাটা হয়েছে, সেখানে আমাদের কোনো কার্যক্রম নেই। তাই গাছ কে কেটেছে আমরা জানি না।” এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটিকে শোকজ করেছে এবং তারা জবাবও দিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র জানায়, প্রায় ১০ মাস ধরে মাঝে মাঝে গাছ কাটা হচ্ছিল। তবে গত এক মাসে ব্যাপকহারে গাছ কাটা শুরু হয় এবং ট্রলিতে করে বাইরে নেওয়ার সময় বিষয়টি বিভিন্ন মহলে জানাজানি হয়। খোঁজ নিয়ে দেখা যায়, গাছ কাটার জন্য কোনো দরপত্রই হয়নি। ফলে বিষয়টি নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়।

রামেবি স্থাপন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা বিভাগের পরিচালক প্রকৌশলী সিরাজুম মুনীর বলেন, “গাছ কাটার অনুমতি আমাদের পক্ষ থেকে দেওয়া হয়নি। এটি ঠিকাদারের পক্ষ থেকে বেআইনিভাবে করা হয়েছে। আমরা তাদের প্রাথমিকভাবে শোকজ করেছি। তারা জবাব দিয়েছে, সেটি পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”