ক্যাম্পাস

ফজলুর রহমানকে আজীবন বহিষ্কারের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ০৯:৩৫ এএম

ফজলুর রহমানকে আজীবন বহিষ্কারের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্য করার জেরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে আজীবন বহিষ্কারের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

রোববার (২৪ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ দাবি জানানো হয়।

সংগঠনটির সাধারণ সম্পাদক হাসান ইনাম সমাবেশে বলেন, “ফজলুর রহমানের মতো যারা টকশোতে উল্টোপাল্টা কথা বলেন, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে হবে।” তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারকে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। মৌলিক সংস্কার ও বিচার ছাড়া কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না। এছাড়া জুলাই শহীদদের তালিকা প্রণয়ন না করায় সরকারের কাছে ক্ষমা চাওয়ারও দাবি জানান তিনি।

এর আগে, এক টেলিভিশন টকশোতে ফজলুর রহমান দাবি করেছিলেন, গত বছর ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পেছনে মূল ভূমিকা রেখেছিল জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী সংগঠনগুলো। তার ভাষায়, এটি কোনো সাধারণ রাজনৈতিক ঘটনা নয় বরং একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র, যার নেপথ্যে ছিল ‘কালো শক্তি’ জামায়াত।

বিতর্কিত এই বক্তব্যের জেরে রোববার বিএনপি ফজলুর রহমানকে ‘উদ্ভট ও শৃঙ্খলাভঙ্গমূলক’ বক্তব্য দেওয়ার অভিযোগে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে তাকে।

শাহবাগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, শুধু শোকজ নয়, ফজলুর রহমানকে যেন আর পদে বহাল থাকতে না দেওয়া হয়, সে ব্যবস্থা নিতে হবে। তারা অভিযোগ করেন, “২৪ ও ‘৭১কে মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা চলছে। এই চক্রান্ত ছাত্র-জনতা রুখে দেবে।”

সমাবেশে ফজলুর রহমানের কুশপুত্তলিকা দাহ ও তার ছবিতে জুতা নিক্ষেপ করে প্রতিবাদ জানায় আন্দোলনকারীরা।