ক্যাম্পাস

চবি এলাকায় মধ্যরাতে শিক্ষার্থী–স্থানীয়দের সংঘর্ষে আহত ২০


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ০৯:২২ এএম

চবি এলাকায় মধ্যরাতে শিক্ষার্থী–স্থানীয়দের সংঘর্ষে আহত ২০
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২ নম্বর গেট এলাকায় মধ্যরাতে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রবিবার (৩০ আগস্ট) দিবাগত রাত সোয়া ১২টার দিকে শুরু হওয়া এ সংঘর্ষ চলে রাত প্রায় ২টা পর্যন্ত। এতে অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রী ওই গেটের কাছে একটি ভবনে ভাড়া থাকেন। রাত ১২টার দিকে তিনি ভবনে প্রবেশের চেষ্টা করলে ভবনের দারোয়ান তাকে মারধর করেন। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘটনাস্থলে ছুটে যান। দারোয়ানকে ধরতে গেলে তিনি পালিয়ে যান এবং শিক্ষার্থীরা ধাওয়া করলে স্থানীয়রা ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ভুক্তভোগী ছাত্রী জানান, “আমি প্রতিদিন নিয়মিত সময়ে বাসায় ফিরি। সেদিনও রাত ১২টার মধ্যে ফিরেছি। কিন্তু দারোয়ান দরজা খুলছিল না। জোরে ডাক দিলে তিনি অকথ্য ভাষায় গালাগাল করেন। প্রতিবাদ করলে হঠাৎ আমার গলায় চড় মারেন। এরপর আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেন ও লাথি মারতে থাকেন। আমি আত্মরক্ষার চেষ্টা করলে রুমমেট ও আশপাশের স্থানীয়রা এগিয়ে আসেন।”

ঘটনার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তানভীর মোহাম্মদ হায়দার জানান, “আমাদের কাছে খবর আসার সঙ্গে সঙ্গে নিরাপত্তা কর্মী ও পুলিশকে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।”

এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।