ক্যাম্পাস
শিবির প্যানেলের বিরুদ্ধে উপঢৌকনে ভোট চাওয়ার অভিযোগ ছাত্রদলের আবিদের
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির প্যানেলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন ছাত্রদল সমর্থিত ভিপি (সভাপতি) প্রার্থী আবিদুল ইসলাম খান। তার দাবি, শিবিরপন্থী প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করে শিক্ষার্থীদের উপঢৌকনের মাধ্যমে ভোট প্রভাবিত করার চেষ্টা করছেন।
রবিবার (৩১ আগস্ট) ডাকসু নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দায়ের করার পর এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান আবিদ।
তিনি বলেন, "একটি নির্দিষ্ট গোষ্ঠী ধারাবাহিকভাবে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে চলেছে। আমরা দেখেছি, তাদের পরিচালিত একটি কোচিং সেন্টারের 'নবীন বরণ' অনুষ্ঠানে শিক্ষার্থীদের উপঢৌকন দিয়ে ভোট চাওয়া হয়েছে, এটি সরাসরি আচরণবিধি লঙ্ঘন।"
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, "যদি এটাকেই বৈধ ধরা হয়, তাহলে আমরাও ক্যাম্পাসের বাইরে বসে শিক্ষার্থীদের উপঢৌকন দেবো।"
আবিদ আরও অভিযোগ করেন, শিবিরপন্থী এক প্রার্থী সমাজবিজ্ঞান বিভাগের একটি শ্রেণিকক্ষে চেয়ারম্যানের অনুমতি ছাড়াই প্রবেশ করে মাইক্রোফোনে ভোট প্রার্থনা করেছেন, যা বিশ্ববিদ্যালয়ের নিয়ম এবং নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন।
তার দাবি, "একটার পর একটা নিয়মভঙ্গ সত্ত্বেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। এতে করে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হবে কি না, সে ব্যাপারে আমরা সন্দিহান।"