ক্যাম্পাস
উপাচার্য অবরুদ্ধের পর এবার বাকৃবি শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলা
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরেই কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলন করে আসছিলেন। সেই আন্দোলনের ধারাবাহিকতায় রোববার (৩১ আগস্ট) তারা একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে আবারও বিক্ষোভে নামেন।
সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের জরুরি সভা বসে, যেখানে সিদ্ধান্ত হয় যে—পূর্বের মতো বিএসসি ইন অ্যানিমেল হাজবেন্ড্রি এবং ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) এর পাশাপাশি কম্বাইন্ড ডিগ্রিও চালু থাকবে। তবে শিক্ষার্থীদের দীর্ঘ আন্দোলনের সঙ্গে এই সিদ্ধান্তকে সাংঘর্ষিক বলে মনে করেন আন্দোলনকারীরা।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা উপাচার্যসহ প্রায় আড়াইশো শিক্ষককে উপাচার্যের বাসভবনে সন্ধ্যা ৭টা ৪০ মিনিট পর্যন্ত অবরুদ্ধ করে রাখেন।
কিন্তু ঘটনার নাটকীয় মোড় নেয় তখনই, যখন শিক্ষার্থীরা অভিযোগ করেন, উপাচার্যের দিক থেকে আসা প্রায় অর্ধশত বহিরাগত ব্যক্তি তাদের ওপর হঠাৎ হামলা চালায়। এই হামলায় নারী শিক্ষার্থীসহ আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন।
আতঙ্কে অনেক শিক্ষার্থী ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হন। ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে উত্তেজিত শিক্ষার্থীরা জব্বারের মোড়ে জড়ো হতে শুরু করেছেন।