ক্যাম্পাস

বাকৃবিতে হল ছাড়ার নির্দেশ প্রত্যাখ্যান, আন্দোলনে শিক্ষার্থীরা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ পিএম

বাকৃবিতে হল ছাড়ার নির্দেশ প্রত্যাখ্যান, আন্দোলনে শিক্ষার্থীরা
ছবি: সংগৃহীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের হল বন্ধ করার নির্দেশ প্রত্যাখ্যান করেছেন।

সোমবার (১ সেপ্টেম্বর) সকালে শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছেন যে, কোনো পরিস্থিতিতেই তারা তাদের আবাসিক হলে অবস্থান ছাড়বেন না।

শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হল বন্ধের সিদ্ধান্ত তারা মেনে নেবেন না। তারা বলছেন, কোনো শিক্ষার্থী হল ত্যাগ করবে না এবং নারী শিক্ষার্থীদেরও হলে থাকার আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে, ছেলেরা রাজপথে অবস্থান ও আন্দোলন চালিয়ে যাবেন।

পশুপালন অনুষদের শিক্ষার্থী হিমেল জানান, সকাল ৮টার পর শিক্ষার্থীরা হল থেকে মার্কেটে সমবেত হবেন এবং সেখান থেকে পরবর্তী কর্মসূচি শুরু হবে। তিনি আরও বলেন, “আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা কঠোর থেকে কঠোরতর অবস্থান চালিয়ে যাব। আজ পুরো বাকৃবিতে ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি পালন করা হবে। কোনো ফ্যাকাল্টিতে ক্লাস বা পরীক্ষা অনুষ্ঠিত হবে না। সমস্ত একাডেমিক কার্যক্রম স্থগিত রাখা হলো।”

শিক্ষার্থীরা একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং প্রক্টরিয়াল বোর্ডের পদত্যাগের দাবিও জানিয়েছেন।

রবিবার বেলা ১১টায় অনুষ্ঠিত অ্যাকাডেমিক কাউন্সিলের বৈঠকের পর রাতে জরুরি সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাকৃবিকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। সেই সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার সকাল ৯টার মধ্যে সব শিক্ষার্থীকে আবাসিক হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছিল। এছাড়া, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে।