ক্যাম্পাস

পূর্বঘোষিত ছুটি বাতিল, শুধু ডাকসু নির্বাচনের দিন বন্ধ থাকবে ক্লাস-পরীক্ষা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৫ পিএম

পূর্বঘোষিত ছুটি বাতিল, শুধু ডাকসু নির্বাচনের দিন বন্ধ থাকবে ক্লাস-পরীক্ষা
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আগে ঘোষণা করা ৮ ও ১০ সেপ্টেম্বরের ছুটি বাতিল করেছে নির্বাচন কমিশন। তবে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার দিন, অর্থাৎ ৯ সেপ্টেম্বর শুধুমাত্র ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।

বুধবার (৩ সেপ্টেম্বর) প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. জসিম উদ্দিন এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, “শুধু ৯ তারিখ নির্বাচন উপলক্ষে ছুটি থাকবে, বাকি দিনগুলোতে স্বাভাবিকভাবে ক্লাস ও পরীক্ষা চলবে।”

এর আগে ৭ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত চার দিনের ছুটি ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। প্রার্থীদের আপত্তির প্রেক্ষিতে প্রথমে ৭ তারিখের ছুটি বাতিল করা হয়। এরপর আরও একাধিক প্রার্থী নির্বাচনের সময়সীমা নিয়ে অসন্তোষ প্রকাশ করলে ৮ ও ১০ সেপ্টেম্বরের ছুটিও বাতিল করা হয়।

তবে নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটকেন্দ্র বা বুথ পুনর্বিন্যাস করার কোনো পরিকল্পনা আপাতত নেই। প্রধান নির্বাচন কমিশনার বলেন, “প্রার্থীদের অনুরোধে বুথ সংখ্যা ৫০০ থেকে বাড়িয়ে ৭১০টি করা হয়েছে। নির্বাচন দিন শাটল বাসও চালু থাকবে। আশা করছি, নির্বিঘ্নে ভোটগ্রহণ সম্পন্ন করা যাবে।”