ক্যাম্পাস

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল রাবি শিক্ষার্থী ইফতেখার ইসলামের


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৫ এএম

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল রাবি শিক্ষার্থী ইফতেখার ইসলামের
ইফতেখার ইসলাম ফামিন। ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম ইফতেখার ইসলাম ফামিন। তিনি ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন এবং তার বাড়ি ঢাকায়।

ইংরেজি বিভাগের সভাপতি অধ্যাপক মমিনুল ইসলাম জানান, ফামিন বাইকযোগে যাচ্ছিলেন। এ সময় একটি রিকশার সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায়, ফামিন তার বন্ধু মিরাজকে নিয়ে বাইকে যাচ্ছিলেন। হঠাৎ রাস্তার মাঝখানে একটি রিকশা উল্টো দিকে ঘুরে গেলে বাইকের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে বাইক থেকে দুজন ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় ফামিনের নাক-মুখ দিয়ে রক্ত বের হতে থাকে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, “ঘটনার বর্ণনা আমরা জেনেছি। সার্বিক বিষয়ে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।”