ক্যাম্পাস
ডাকসু নির্বাচন: শিবিরের জিএস প্রার্থী ফরহাদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির মনোনীত সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী এস এম ফরহাদের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।
অভিযোগ উঠেছে, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের প্রথম বর্ষের শ্রেণিকক্ষে প্রবেশ করে তিনি সরাসরি নির্বাচনি প্রচারণা চালান।
তাকে এসময় সঙ্গ দেন একই প্যানেলের সদস্য পদপ্রার্থী বেলাল হোসাইন অপু। উপস্থিত একাধিক শিক্ষার্থী অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ডাকসুর আচরণবিধির ৬(চ) ধারা অনুযায়ী, শ্রেণিকক্ষ, পাঠাগার বা পরীক্ষার হলের মতো শিক্ষা কার্যক্রম চলমান স্থানে কোনো ধরনের নির্বাচনি প্রচারণা চালানো সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি করিডোরে মিছিল করাও বিধিনিষেধের আওতায় পড়ে।
ঘটনার সময় শ্রেণিকক্ষে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক মোহাম্মদ রনি মৃধা। তিনি বলেন, “ক্লাসের অ্যাটেন্ডেন্স শুরু করার আগেই তিনি ক্লাসরুমে প্রবেশ করেন। আমিও প্রায় একই সময়ে ক্লাসে প্রবেশ করি।”
এ বিষয়ে এস এম ফরহাদের প্রতিক্রিয়া জানতে চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি।
অভিযোগের বিষয়ে ডাকসু আচরণবিধি পর্যবেক্ষণ সংক্রান্ত টাস্কফোর্স কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, “এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে একটি ছবি পেয়েছি, যা পর্যালোচনা করা হচ্ছে। সংশ্লিষ্ট প্রার্থীকে এ বিষয়ে নোটিশ দেওয়া হবে।”