ক্যাম্পাস

ডাকসু নির্বাচন ঘিরে নজিরবিহীন নিরাপত্তা, কার্ড ছাড়া কেউ ঢুকতে পারছে না ক্যাম্পাসে


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৩ এএম

ডাকসু নির্বাচন ঘিরে নজিরবিহীন নিরাপত্তা, কার্ড ছাড়া কেউ ঢুকতে পারছে না ক্যাম্পাসে
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ঘিরে রাজধানীর শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিণত হয়েছে কড়া নিরাপত্তার দুর্গে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকেই ক্যাম্পাসে প্রবেশে জারি করা হয়েছে কড়া নিয়ন্ত্রণ।

বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র ছাড়া কাউকেই ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হচ্ছে না। ফটকগুলোতে বসানো হয়েছে ব্যারিকেড। সেখানে পুলিশ সদস্যরা পরিচয় যাচাই করে তবেই শিক্ষার্থীদের ভেতরে প্রবেশের অনুমতি দিচ্ছেন।

বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের উল্টো পাশে ও আশপাশে বিজিবি, র‍্যাব, পুলিশ, এবং গোয়েন্দা সংস্থার সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এছাড়া নিরাপত্তা কাজে সহায়তা করছে বিএনসিসি ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শৃঙ্খলা টিম।

টিএসসি এলাকায় স্থাপন করা হয়েছে অস্থায়ী পুলিশ ক্যাম্প। পুরো ক্যাম্পাসে চলছে টহল, মোতায়েন রয়েছে ডগ স্কোয়াড ও বোমা নিষ্ক্রিয়কারী দল। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, প্রতিটি ভোটকেন্দ্রে তিনস্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

নির্বাচন পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত করতে রাখা হয়েছে আধুনিক প্রযুক্তির ব্যবস্থাও। কেন্দ্রগুলোতে বসানো হয়েছে এলইডি স্ক্রিন, যেখানে সরাসরি ভোটগণনার ফলাফল প্রচার করা হবে।

এবারের ডাকসু নির্বাচনে ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে রয়েছেন ৪৫ জন, জিএস পদে ১৯ জন এবং এজিএস পদে ২৫ জন। মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ছাত্র ২০ হাজার ৯১৫ জন এবং ছাত্রী ১৮ হাজার ৯৫৯ জন।

নির্বাচনে অংশ নেওয়া প্রধান প্যানেলগুলোর মধ্যে রয়েছে ছাত্রদল সমর্থিত 'আবিদ-হামীম-মায়েদ পরিষদ', যারা ভিপি পদে আবিদুল ইসলাম খান, জিএস পদে শেখ তানভীর বারী হামীম এবং এজিএস পদে তানভীর আল হাদী মায়েদকে প্রার্থী করেছে।

শিবির সমর্থিত 'ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট' থেকে ভিপি পদে আবু সাদিক কায়েম, জিএসে এসএম ফরহাদ এবং এজিএসে মহিউদ্দিন খান লড়ছেন।

গণতান্ত্রিক ছাত্রসংসদের ব্যানারে গঠিত ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেল থেকে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবদুল কাদের, আর জিএসে রয়েছেন আবু বাকের মজুমদার।

‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’ প্যানেলের জিএস প্রার্থী মাহিন সরকার শেষ মুহূর্তে প্রার্থিতা প্রত্যাহার করে আবু বাকের মজুমদারকে সমর্থন দিয়েছেন।

এছাড়া, 'স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য' প্যানেল থেকে ভিপি পদে লড়ছেন উমামা ফাতেমা। ছাত্র অধিকার পরিষদ থেকে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিন ইয়ামিন মোল্লা। আর বামপন্থী শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘প্রতিরোধ পর্ষদ’ থেকে ভিপি পদে শেখ তাসনিম আফরোজ ইমি এবং জিএসে মেঘমল্লার বসু নির্বাচনে অংশ নিয়েছেন।