ক্যাম্পাস
ডাকসু নির্বাচন: পরিস্থিতি সুবিধাজনক নয়, অভিযোগ আবিদুল ইসলামের
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের সহ–সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান অভিযোগ করেছেন, ভোটাধিকার প্রয়োগ করলেও সার্বিক পরিস্থিতি সুবিধাজনক মনে হচ্ছে না। তার মতে, এই নির্বাচন প্রক্রিয়া অংশগ্রহণের আকাঙ্ক্ষাকে ব্যাহত করেছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা দুইটার দিকে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
আবিদ বলেন, “গণতন্ত্র, মানবাধিকার এবং মানুষের বাক-স্বাধীনতাকে হরণের অপচেষ্টা চলছে। দুপুরে অমর একুশে হল এবং রোকেয়া হলে পূর্ণ করা ব্যালট শিক্ষার্থীদের হাতে দেওয়া হয়েছে। আমি এ ঘটনার সত্যতা নিশ্চিত হয়েছি।”
তিনি অভিযোগ করে আরও বলেন, “এসব অনাকাঙ্ক্ষিত ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিতে পারেনি, যা তাদের ব্যর্থতার প্রমাণ।”
ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান আরও জানান, নির্বাচনী আচরণবিধিতে প্রার্থীদের কেন্দ্রে প্রবেশাধিকারের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ থাকলেও গণমাধ্যমে তার বিরুদ্ধে উদ্দেশ্যমূলক গুজব ছড়ানো হয়েছে।
গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “কোনো তথ্য প্রকাশের আগে অবশ্যই যাচাই-বাছাই করতে হবে।”