ক্যাম্পাস
‘গুজবে’ কান না দেওয়ার আহ্বান ঢাবি প্রশাসনের
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোটগ্রহণ বন্ধ হওয়ার খবর গুজব বলে উল্লেখ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে প্রার্থী ও ভোটারদের এসব গুজবে কান না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখার ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) যথারীতি চলছে। ভোটগ্রহণ বন্ধ হয়েছে বলে যে তথ্য ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ গুজব। তাই এ ধরনের বিভ্রান্তিকর তথ্যের প্রতি কেউ যেন কর্ণপাত না করেন।”
বিশ্ববিদ্যালয় প্রশাসন আরও জানায়, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ প্রক্রিয়া চালিয়ে যেতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।