ক্যাম্পাস
শেষ হলো ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ, চলছে গণনা
দীর্ঘ প্রতীক্ষার অবসান শেষে শান্তিপূর্ণভাবে শেষ হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ শেষে শুরু হয়েছে ভোট গণনা। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ রাতেই ফলাফল প্রকাশ করা হতে পারে।
সারাদিনের ভোটগ্রহণে এখনো পর্যন্ত কোনো সহিংসতা, বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি। শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে ব্যাপক ভোটার উপস্থিতি লক্ষ্য করা গেছে। উদয়ন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে দুপুর আড়াইটা পর্যন্ত ভোট পড়েছে ৮০ শতাংশেরও বেশি। এ কেন্দ্রে কবি জসিমউদ্দীন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এবং মাস্টারদা সূর্যসেন হলের শিক্ষার্থীরা ভোট দিয়েছেন।
কেন্দ্রপ্রধান এস এম শামীম রেজা জানান, “জসিমউদ্দীন হলের সবচেয়ে বেশি ভোটার উপস্থিতি দেখা গেছে। সার্বিকভাবে পরিবেশ ছিল খুবই সুশৃঙ্খল।”
অন্যদিকে, নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন কেন্দ্রে ভোটার উপস্থিতি আরও বেশি। সেখানে দুপুর আড়াইটা পর্যন্ত ভোট পড়েছে প্রায় ৪ হাজার, যা কেন্দ্রটির মোট ভোটারের ৮২ শতাংশ।
চলতি ডাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ১৮ হাজার ৯৫৯ জন ছাত্রী এবং ২০ হাজার ৯১৫ জন ছাত্র।
মূল ডাকসুর ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। তাদের মধ্যে ৬২ জন ছাত্রী।
এছাড়া ১৮টি হল সংসদের মোট ২৩৪টি পদের জন্য লড়ছেন আরও এক হাজার ৩৫ জন প্রার্থী।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গণনার কাজ শেষ করে রাতেই প্রাথমিক ফলাফল ঘোষণা করা হতে পারে। শিক্ষার্থীরা এখন তাকিয়ে আছেন সেই ঘোষণার দিকেই।