ক্যাম্পাস

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হল থেকে ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি আটক


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০১:০২ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হল থেকে ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি আটক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হল থেকে ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি আটক। ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের দিন আবাসিক হলে অবৈধভাবে অবস্থান করায় জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হাফিজুর রহমান সোহানকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের ৪২৪ নম্বর কক্ষ থেকে তাকে আটক করেন হলের প্রভোস্ট অধ্যাপক শফিকুল ইসলাম।

জানা গেছে, ওই কক্ষে অবস্থান করছিলেন শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুর রহমান মুরাদ, যিনি বর্তমানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন। আটক সোহান ইংরেজি বিভাগের ৩৬ ব্যাচের (২০০৬-০৭ শিক্ষাবর্ষ) সাবেক শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোহান বুধবার রাত থেকে হলে অবস্থান করছিলেন এবং বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরুর পর হলের ভেতরে ঘোরাফেরা করছিলেন। বিষয়টি নজরে আসার পর হল প্রশাসন তাকে কক্ষ থেকে বের করে প্রক্টরিয়াল টিমের হাতে তুলে দেয়।

অবৈধভাবে হলে অবস্থানের বিষয়ে জানতে চাইলে হাফিজুর রহমান সোহান বলেন, “আমি রাতে ক্যাম্পাসে এসেছিলাম, শরীর খারাপ লাগায় হলে এসে শুয়ে পড়ি।” তবে হলে অবস্থানের অনুমতির বিষয়ে তিনি স্বীকার করেন, কোনো অনুমতি নেননি।

হলের প্রভোস্ট অধ্যাপক শফিকুল ইসলাম বলেন, “নির্বাচনের সময় সাবেক শিক্ষার্থীদের হলে অবস্থান আচরণবিধির লঙ্ঘন। তাই আমরা তাকে প্রক্টরিয়াল টিমের হাতে তুলে দিয়েছি।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম জানান, “আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। তার বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”