ক্যাম্পাস

জাবি শিক্ষার্থীর লুঙ্গি পরে ভোটদান, ভিডিও ভাইরাল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৯ পিএম

জাবি শিক্ষার্থীর লুঙ্গি পরে ভোটদান, ভিডিও ভাইরাল
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) চলছে বহুল প্রতীক্ষিত কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন। সকাল থেকেই শিক্ষার্থীরা নির্ধারিত ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছেন। তবে এরই মধ্যে একটি অস্বাভাবিক ঘটনা আলোচনায় এসেছে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, এক শিক্ষার্থী সাধারণ পোশাকের পরিবর্তে লুঙ্গি পরে ভোট দিচ্ছেন। তার গায়ে সাদামাটা টি-শার্ট, পরনে লুঙ্গি এবং পায়ে স্পঞ্জের স্যান্ডেল। ভিডিওতে দেখা যায়, তিনি নির্দ্বিধায় কেন্দ্রে ঢুকে ভোট দেন এবং এরপর বেরিয়ে যান।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে ওই ভোট প্রদান করা হয়। তবে ভিডিওতে থাকা শিক্ষার্থী এ নিয়ে কোনো মন্তব্য করেননি। এখনো তার নাম-পরিচয়ও প্রকাশ্যে আসেনি।

এদিকে সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের মোট ২১টি হলে একযোগে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৭৪৭ জন। নির্বাচনে চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৮ জন প্রার্থী।

তথ্য অনুযায়ী—

  • সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯ জন

  • সাধারণ সম্পাদক (জিএস) পদে ৯ জন

  • যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন

  • যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে ১০ জন

ভোটগ্রহণ চলছে বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে স্থাপিত ২২৪টি বুথে। এর মধ্যে ১০টি ছাত্রী হল ও ১১টি ছাত্র হল। প্রতিটি ভোটকেন্দ্রে রয়েছেন একজন রিটার্নিং কর্মকর্তা, ৬৭ জন পোলিং কর্মকর্তা এবং সমান সংখ্যক সহকারী পোলিং কর্মকর্তা।

জাবির শিক্ষার্থীরা মনে করছেন, লুঙ্গি পরে ভোট দেওয়ার এই ঘটনা নির্বাচন প্রক্রিয়ায় এক ভিন্ন মাত্রা যোগ করেছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।