ক্যাম্পাস
মেশিনে ভোট গণনা হলে হয়তো ম্যামকে হারাতে হতো না: ভিপি প্রার্থী জিতু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনার সময় চারুকলা অনুষদের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’ প্যানেলের ভিপি প্রার্থী আব্দুর রশিদ জিতু। একই সঙ্গে তিনি হাতে ভোট গণনার পদ্ধতির কঠোর সমালোচনা করেছেন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে সিনেট ভবনে ভোট গণনা কার্যক্রমে অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন শিক্ষক জান্নাতুল। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে সহকর্মী, শিক্ষার্থী ও জাকসু নির্বাচনের প্রার্থীরা তাকে শেষ শ্রদ্ধা জানান।
জানাজার আগে আবেগাপ্লুত হয়ে ভিপি প্রার্থী জিতু বলেন, “তথ্য প্রযুক্তির এ যুগে এসেও যদি আমরা ম্যানুয়াল পদ্ধতিতে পড়ে থাকি, তবে এটি আমাদের জন্য জটিল হয়ে দাঁড়ায়। এত বিপুল ভোটারের ভোট ম্যানুয়ালি গণনা করা অত্যন্ত কষ্টসাধ্য ছিল।”
তিনি আরও বলেন, “যদি মেশিনের মাধ্যমে ভোট গণনা হতো, তাহলে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠত না। একইসঙ্গে আমরা বিশ্বাস করি, মেশিনে ভোট গণনা হলে হয়তো আমাদের ম্যামকেও হারাতে হতো না। ভোট চলাকালে নানা ঘটনা ঘটছে, কিন্তু গণনার সময় একজন শিক্ষকের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক।”
উল্লেখ্য, নির্বাচনের দিন বৃহস্পতিবার জিতু অভিযোগ করেছিলেন যে, ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল আচরণবিধি ভঙ্গ করেছে।