ক্যাম্পাস

রাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ছাত্রদল নেতা মিঠু


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৯ পিএম

রাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ছাত্রদল নেতা মিঠু
মাহমুদুল হাসান মিঠু। ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতা মাহমুদুল হাসান মিঠু। ভিপি (সহসভাপতি) পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেও শনিবার (১৩ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।

মিঠু বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রার্থিতা প্রত্যাহারের বিষয়ে মিঠু বলেন, আমি মনোনয়নপত্র উত্তোলন করেছিলাম। যেহেতু এটি একটি জটিল নির্বাচনী প্রক্রিয়া, তাই যাচাই-বাছাইয়ের ধাপ ছিল এবং আমার বাদ পড়ারও শঙ্কা ছিল। ছাত্রদল একটি বড় সংগঠন এখানে ব্যক্তিত্বের প্রতিযোগিতা রয়েছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় যোগ্য ব্যক্তিদের বাছাই করা হয়েছে। সমস্ত নির্বাচনী নিয়ম মেনে সংগঠনের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে এবং সংগঠনের ফলাফলকে গতিশীল করার জন্য আমি আজ আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা প্রত্যাহার করলাম। 

তিনি আরও বলেন, সংগঠন আমাকে বিবেচনা করেছে। যে ১৭টি হল সংসদ, একটি মূল সংসদ এবং সিনেট প্রতিনিধি নিয়ে বিশাল এই নির্বাচন, সেখানে সাংগঠনিক সম্পাদক হিসেবে কিছু কাজ করার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। আমি সংগঠনের কাছে দায়বদ্ধ। পাশাপাশি ছাত্র-ছাত্রীদের দাবি-দাওয়া পূরণে আমি কাজ করেছি, ভবিষ্যতেও করে যাব। 

উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর ছাত্রদলের প্যানেলে মাহমুদুল হাসান মিঠুকে না রাখায় তিনি স্বতন্ত্র ভিপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।