ক্যাম্পাস

নির্বাচনে হেরে যা বললেন শিবিরের ভিপি প্রার্থী আরিফ উল্লাহ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫০ পিএম

নির্বাচনে হেরে যা বললেন শিবিরের ভিপি প্রার্থী আরিফ উল্লাহ
আরিফ উল্লাহ। ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভিপি পদে হেরে গেলেও রাজনৈতিক শিষ্টাচার ও সহযোগিতার বার্তা দিলেন ছাত্রশিবির সমর্থিত প্রার্থী আরিফ উল্লাহ।

নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু’র কাছে পরাজিত হন তিনি। জিতু পেয়েছেন ৩ হাজার ৩৩২ ভোট, আর আরিফ উল্লাহ পান ২ হাজার ৩৯২ ভোট।

ফলাফল ঘোষণার সময় তিনি নিজে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনে এবং তাৎক্ষণিকভাবে বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানান। পরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "আমরা জাকসু নির্বাচনে একটি পূর্ণাঙ্গ প্যানেল দিতে পেরেছি। সেই প্যানেল থেকে ২০ জন জয়লাভ করেছেন, আরও ৫ জন নির্বাচিত হয়েছেন অন্য পদে। সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই।"

সংবাদ সম্মেলনে তিনি জুলাই মাসের গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণ করে বলেন, "আমরা এমন একটা জায়গা থেকে এসেছি, যেখানে ছাত্রশিবিরের নাম শুনলেই গুলি চালানো হয়। অথচ অতিথি পাখি মারা হলেও সেখানকার বিচার হয়।"

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, "নির্বাচিতরা যেন এই বিশ্ববিদ্যালয়কে আধুনিক ও বিশ্বমানের শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করতে পারেন, সেই কামনা করি।"

নির্বাচনে হার মানলেও আরিফ উল্লাহ জানান, "যারা নির্বাচিত হয়েছেন, তারা আমার ভাই-বোন। আমি সবসময় তাদের পাশে থাকব এবং প্রতিশ্রুতি বাস্তবায়নে সহযোগিতা করব।"