ক্যাম্পাস

জাকসুর এজিএস পদে আলোচনায় থাকা কে এই আয়েশা সিদ্দীকা মেঘলা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৮ পিএম

জাকসুর এজিএস পদে আলোচনায় থাকা কে এই আয়েশা সিদ্দীকা মেঘলা
আয়েশা সিদ্দীকা মেঘলা। ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির–সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের ভূমিধস বিজয়ের মধ্যে অন্যতম আলোচনায় উঠে এসেছেন আয়েশা সিদ্দীকা মেঘলা। তিনি এবারের নির্বাচনে এজিএস (নারী) পদে জয়লাভ করেছেন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। ফলাফলে মেঘলার নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই সিনেট ভবন মুখরিত হয়ে ওঠে ‘হিজাব’ স্লোগানে।

জানা গেছে, দর্শন বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী মেঘলার স্থায়ী নিবাস ঢাকার মিরপুরে। তিনি বিশ্ববিদ্যালয়ের ফজিলতুন্নেছা হলের আবাসিক শিক্ষার্থী। মেঘলা এক সময় বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ধর্ষণবিরোধী মঞ্চেরও সাবেক সদস্য ছিলেন।

ঘোষিত ফলাফলে দেখা যায়, এজিএস (নারী) পদে আয়েশা সিদ্দীকা মেঘলা পেয়েছেন ৩ হাজার ৪০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিক্ষার্থী ঐক্য ফোরামের মালিহা নামলাহ পেয়েছেন ১ হাজার ৮৩৬ ভোট এবং ছাত্রদল–সমর্থিত আঞ্জুমান আরা ইকরা পেয়েছেন ৭৬৪ ভোট।

উল্লেখ্য, এবারের নির্বাচনে ইসলামী ছাত্রশিবির–সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট মোট ২০টি পদে বিজয়ী হয়েছে। এর মধ্যে রয়েছে সাধারণ সম্পাদক (জিএস), দুই যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) এবং আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদ। অন্যদিকে, সহসভাপতি (ভিপি) পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) সমর্থিত প্রার্থীরা দুটি এবং আরও দুটি পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।

প্রসঙ্গত, গত ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল প্রায় ৪৪ ঘণ্টা পর শনিবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।