ক্যাম্পাস
আ.লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করলেন সাদিক কায়েম
আওয়ামী লীগ এবং ছাত্রলীগের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে এ ঘোষণা দেন তিনি।
ভিপি সাদিক বলেন, "প্রধান উপদেষ্টার সফরসঙ্গীর ওপর ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা সন্ত্রাসী হামলা চালিয়েছে। আমরা এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।"
তিনি আরও বলেন, “আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি বাংলাদেশে যারা ফ্যাসিবাদ কায়েম করেছে, যারা গত জুলাই মাসে গণহত্যা চালিয়েছে এবং বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদের ওপর নির্যাতন-নিপীড়ন চালিয়েছে, তাদের বিরুদ্ধে বিচার চাই। এখন আর কোনো আপস নয় আমরা জিরো টলারেন্সে যাচ্ছি।”
সাদিক কায়েম দাবি করেন, গত ১৬ বছরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ছত্রছায়ায় দেশে অসংখ্য হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে, যার বিচার এখনো হয়নি। এসব অপরাধের বিচারও দ্রুত সময়ের মধ্যে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজ এবং ডাকসু পরিষদ এখন থেকে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে।”