ক্যাম্পাস

৭ দিনের জন্য স্থগিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘শাটডাউন’ কর্মসূচি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৭ পিএম

৭ দিনের জন্য স্থগিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘শাটডাউন’ কর্মসূচি
ছবি: সংগৃহীত

পোষ্য কোটা পুনর্বহাল ও শিক্ষক লাঞ্ছনার ঘটনার সুষ্ঠু বিচারসহ বিভিন্ন দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলমান ‘শাটডাউন’ কর্মসূচি ৭ কর্মদিবসের জন্য স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ের অফিসার সমিতি।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে অফিসার সমিতির সভাপতি মো. মোক্তার হোসেন এবং কোষাধ্যক্ষ মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৩ সেপ্টেম্বর দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে অফিসার সমিতির দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রশাসন দাবি বাস্তবায়নের বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে, পরদিন ২৪ সেপ্টেম্বর দুপুর ১টা থেকে কার্যকর ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে অফিসার সমিতির পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, আগামী ৭ কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়িত না হলে, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর অফিসার সমিতি এবং জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের উদ্যোগে একদিনের পূর্ণদিবস কর্মবিরতির মাধ্যমে এ আন্দোলনের সূচনা হয়। পরে আন্দোলন রূপ নেয় কমপ্লিট ‘শাটডাউন’-এ, যার আওতায় প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম প্রায় বন্ধ হয়ে যায়।